Saturday, September 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

অনার্স ৪র্থ বর্ষের উত্তরপত্র পুনঃমূল্যায়ন আবেদন করবেন যেভাবে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পিএম


জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনঃমূল্যায়নের আবেদন প্রক্রিয়া আগামী ৭ সেপ্টেম্বর থেকে অনলাইনে শুরু হতে যাচ্ছে। ভর্তি ও পরীক্ষার্থীরা আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন এবং নির্ধারিত ফি জমা দিতে পারবেন।

সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুনঃমূল্যায়নে আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়সীমার মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করে পে-স্লিপ ডাউনলোড করতে হবে। ফি জমা দেওয়ার পদ্ধতি হিসেবে একাধিক সুবিধা রাখা হয়েছে। শিক্ষার্থীরা নিকটস্থ সোনালী ব্যাংকের যেকোনো শাখায় সরাসরি কিংবা সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি পরিশোধ করতে পারবেন।

এছাড়া মোবাইল ব্যাংকিং সেবা (বিকাশ, নগদ ও রকেট) এবং যেকোনো ডেবিট/ক্রেডিট কার্ড (ভিসা, মাস্টারকার্ড, নেক্সাস, আমেরিকান এক্সপ্রেস) ব্যবহার করেও আবেদন ফি জমা দেওয়া যাবে। সোনালী ব্যাংকের নিজস্ব হিসাব থেকেও অনলাইনে অর্থ স্থানান্তর করার সুযোগ রয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়েছে, প্রতিটি পত্রের উত্তরপত্র পুনঃমূল্যায়নের ফি ১ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ব্যাংকে ফি জমা দেওয়ার সাথে সাথেই আবেদন প্রক্রিয়া চূড়ান্ত বলে গণ্য হবে। নির্ধারিত সময়ের পূর্বে বা পরে আবেদন গ্রহণ বা ফি জমা নেওয়ার কোনো সুযোগ থাকবে না। ব্যাংকে প্রচলিত সাধারণ কোনো অফলাইন ফরমে টাকা জমা দিয়ে জটিলতা তৈরি হলে তার দায়ভার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেবে না।

শিক্ষার্থীদের আবেদনকালে নিজ নিজ ‘পত্র কোড’ যথাযথভাবে পূরণের জন্য বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া অনলাইনে সফলভাবে আবেদন সম্পন্ন করার পর ফরম বা পে-স্লিপের কোনো হার্ডকপি জাতীয় বিশ্ববিদ্যালয়ে জমা দেওয়ার প্রয়োজন নেই।

   

About

Popular Links

x