খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
রবিবার (১৭ মার্চ) দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস-১ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবুল কাসেম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সারোয়ার আকরাম আজিজ, রেজিস্ট্রার খন্দকার মাজহারুল আনোয়ার। অনুষ্ঠানে গণতান্ত্রিক অফিসার্স পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক, খুকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি এস এম তানসেন ইসলাম ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্যসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এ সময় উপাচার্য বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন অসাম্প্রদায়িক চিন্তা-চেতনার মানুষ। তার অন্যতম আর্দশ ছিল সহনশীলতা ও সত্যবাদিতা। তিনি দেশ ও দেশের মানুষকে ভালোবাসতেন। দেশের মানুষও বঙ্গবন্ধুকে ভালোবাসতেন। তিনি জনমানুষের ভালোবাসার এই প্রতিদান তার জীবন দিয়ে প্রমাণ করেছেন। তিনি বলেন, '৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর দেশে যে কালো অধ্যায়ের সৃষ্টি হয়; তা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আস্তে আস্তে দূর হয়। দেশ ঘুরে দাঁড়ায়।”
তিনি আরও বলেন, “বঙ্গবন্ধুর আদর্শ শুধু মুখে বললে হবে না, অন্তরে ধারণ করতে হবে। আজকের দিনে আমাদের শপথ নিতে হবে যে, আমরা মানুষ, আমরা বঙ্গবন্ধুর মতো সহনশীল হব, দেশপ্রেমিক হব। নিজেদের মধ্য থেকে কলুষতা দূর করতে হবে। মূল্যবোধ প্রতিষ্ঠিত করতে হবে। একে অপরকে শ্রদ্ধা করতে হবে, পারস্পারিক সুসম্পর্ক বজায় রাখতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে।”
এছাড়াও এদিন খুকৃবি শাখা ছাত্রলীগের উদ্যোগে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।



