গল্পে, রঙে, আনন্দে ভরপুর নতুন এক সিজন নিয়ে আসছে দুরন্ত টিভি! দুরন্ত টিভি'র এই নতুন সিজনের প্রতিটি অনুষ্ঠানেই থাকছে ভিন্নধর্মী গল্প ও উপস্থাপনা। যেখানে কখনও মজার অভিযান, কখনো জানার আনন্দ। থাকছে নতুন অনুষ্ঠান 'অল্প স্বল্প গল্প কথা' ও 'রঙ বেরঙের গল্প - সিজন ৭' এবং নতুন পাপেট নাটক 'অবাক করা গাছের দেশে - সিজন ২'। সেইসাথে নিয়মিত অনুষ্ঠান আরও থাকছে 'আমার ছবি আমার গল্প', 'মজার কা- তায়কোয়ানদো', 'বলো তো দেখি', কার্টুন সিরিজ 'ফোর অ্যান্ড এ হাফ ফ্রেন্ডস', 'স্পেস নোভা', 'লেক্সি অ্যান্ড লটি ট্রাস্টি টুইন ডিটেকটিভস' ইত্যাদি।
অল্প স্বল্প গল্প কথা
নানান দেশের নানান রূপকথার গল্প নিয়ে দুরন্ত টিভিতে আসছে ‘অল্প স্বল্প গল্প কথা’। প্রতি পর্বে থাকছে তিন কৌতূহলী বন্ধু, এক প্রাণবন্ত আপু আর পাপেট গ্র্যানি। বন্ধুদের গল্প বলার সঙ্গী হবেন গ্র্যানি, যিনি তার গল্পের ঝুলি থেকে শোনাবেন পৃথিবীর নানান দেশের মজার সব রূপকথার গল্প। গ্র্যানির জাদুকরী বর্ণনায় আমরা কল্পনায় ডানা মেলে পৌঁছে যাব সেসব দেশে।
'অল্প স্বল্প গল্প কথা' পরিচালনা করেছেন আমিনা নওশিন রাইসা। অনুষ্ঠানটিতে অভিনয় করেছেন মানসুরা মুবাশ্বিরা, শ্রেয়া মন্ডল, সঞ্জীব কুমার সাহা, আহমেদ মাবরুর খান, জাঈমা জান্নাত জারা, জাররার সুফিয়ান নেহান এবং তাসবিহা আয়ান তানহা। দুরন্ত টিভিতে অনুষ্ঠানটির প্রচার শুরু হবে ১ মে থেকে প্রতি শুক্রবার ও শনিবার দুপুর ১টা ৩০ মিনিটে ও রাত ৮টায়।
রঙ বেরঙের গল্প - সিজন ৭
গল্প শুনতে কে না ভালোবাসে! আর সেই গল্প যদি ছবি হয়ে ওঠে? গল্প শোনার সেই ভাবনা থেকে নতুন করে আবার আসছে দুরন্ত টিভি'র জনপ্রিয় অনুষ্ঠান 'রঙ বেরঙের গল্প - সিজন ৭' নিয়ে। এ অনুষ্ঠানে গল্পগুলোকে আঁকা হয়েছে ছবির ভাষায় আর মোশন গ্রাফিক্স ও কন্ঠাভিনয়ের মাধ্যমে চরিত্রগুলোকে করা হয়েছে প্রাণবন্ত।
'রঙ বেরঙের গল্প - সিজন ৭' পরিচালনা করেছেন মেহেদী হাসান স্বাধীন। দুরন্ত টিভিতে অনুষ্ঠানটির প্রচার শুরু হবে ১ মে থেকে প্রতি শুক্রবার ও শনিবার সকাল ৮টায় ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
অবাক করা গাছের দেশে - সিজন ২
মনে আছে দুষ্টু কারবানদের কথা? আমাদের সবুজ পৃথিবী ধ্বংস করতে চেয়েছিলো! সত্য, তার বিজ্ঞানী দাদু, জিটু আর তাদের দলবলের সাহস-বুদ্ধিমত্তার কাছে কারবানরা হার মেনেছিলো সেবার। কিন্তু তা হলে কী হবে! আবার ফন্দি আঁটছে ওরা। আবার করেছে ভয়ানক পরিকল্পনা।
সত্য'রা কি হারাতে পারবে দুষ্টু কারবানদের? পৃথিবীকে বাঁচানোর চমৎকার এই গল্প দেখা যাবে দুরন্ত টিভি’র পাপেট নাটক 'অবাক করা গাছের দেশে - সিজন ২' তে ।
নাটকটি পরিচালনা করেছেন মিথুন হাসান। পাপেট নাটকটির প্রচার শুরু হবে ১ মে থেকে প্রতি শুক্রবার ও শনিবার দুপুর ১টায় ও সন্ধ্যা ৭টায়।
আমার ছবি আমার গল্প
দুরন্ত টিভিতে আসছে 'আমার ছবি আমার গল্প'। শিশুদের আঁকা ছবি ও লেখা গল্প নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। যেখানে প্রতি পর্বে দুইজন বন্ধু তাদের ছবি ও গল্পসহ হাজির হয়। তাদের আঁকা সেই ছবিগুলোই মোশন গ্রাফিক্স ও কন্ঠাভিনয়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে এ অনুষ্ঠানে। এর সাথে প্রতি পর্বে থাকছে দুই বন্ধুর মজার মজার গল্প।
'আমার ছবি আমার গল্প' পরিচালনা করেছেন আমিনা নওশিন রাইসা। অনুষ্ঠানটি প্রচারিত হবে ২৬ এপ্রিল, রবিবার থেকে বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটে ও রাত ৮টায়।
মজার কা-তায়কোয়ানদো
দুরন্ত টিভিতে আসছে মার্শাল আর্ট শেখার অনুষ্ঠান 'মজার কা-তায়কোয়ানদো'। অনুষ্ঠানটিতে একজন প্রশিক্ষক তায়কোয়ানদো’র নানা কৌশলের সাথে আত্মরক্ষার সহজ কৌশলগুলো দেখাবেন। প্রশিক্ষকের দেখানো কৌশল অনুষ্ঠানের বন্ধুরা অনুশীলন করবে।
'মজার কা-তায়কোয়ানদো' পরিচালনা করেছেন মনিরুল হোসেন শিপন। দুরন্ত টিভিতে অনুষ্ঠানটির প্রচার শুরু হবে ২৬ এপ্রিল, রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টায় ও রাত ৯টায়।
বলো তো দেখি
অনুমান ও বুদ্ধি - দুইয়ে মিলে 'বলো তো দেখি' আসছে দুরন্ত টিভিতে!
বুদ্ধির চমক, অনুমানের ঘোলাজল, ধাঁধার জটিলতা আর হাসি-আনন্দে ভরপুর এক অনুষ্ঠান, যেখানে আছে প্রতিযোগিতা ও আড্ডা দুই-ই, আরো আছে নানান উপহারের মেলা! অনুষ্ঠানটিতে থাকবে ৬টি মজার রাউন্ড! রাউন্ডগুলো খেলতে অংশ নেবে তিন সদস্যের দুইটি দল। তাদের বুদ্ধি, কৌতূহল আর মজার গল্প দিয়ে সাজানো হয়েছে 'বলো তো দেখি!'
অনুষ্ঠানটির পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার এবং সঞ্চালনা করেছেন শেউঁতি শাহগুফতা। দুরন্ত টিভিতে ‘বলো তো দেখি’ প্রচারিত হবে ১ মে থেকে প্রতি শুক্রবার ও শনিবার দুপুর ১২টায় ও রাত ৯টায়
লেক্সি অ্যান্ড লটি ট্রাস্টি টুইন ডিটেকটিভস
রহস্যের গন্ধ শহরে! একের পর এক নানান অদ্ভুত ঘটনা ঘটে চলেছে। কোন ঘটনাই চোখ এড়ায় না লেক্সি ও লটির ক্ষুদে গোয়েন্দা দলের। বন্ধু ফ্রেড, পোষা ইঁদুর মোজার্ট আর দাদু ভাইকে সাথে নিয়ে তারা হয়ে যায় দুই থেকে পাঁচ। শহরের এক চিড়িয়াখানায় কাজ করে লেক্সি ও লটির বাবা-মা। চিড়িয়াখানায় বা শহরে কোনও রহস্যের খোঁজ পেলে তারা শুরু করে মজার সব গোয়েন্দাগিরি। দুর্ধর্ষ অপরাধীদের ধরা থেকে শুরু করে জটিল সমস্যার সমাধান, সব কিছুর কৌশল জানা আছে এই গোয়েন্দা দলের।
লেক্সি ও লটির মজার সব রহস্যের জট খোলার অভিযান নিয়ে দুরন্ত টিভির নতুন কার্টুন সিরিজ 'লেক্সি অ্যান্ড লটি ট্রাস্টি টুইন ডিটেকটিভস'। কন্ঠাভিনয় নির্দেশনা দিয়েছেন শাহরিয়ার রানা। দুরন্ত টিভিতে প্রচারিত হবে ২৬ এপ্রিল, রবিবার থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা ৩০ মিনিটে ও বিকাল ৪টা ৩০ মিনিটে।
স্পেস নোভা
২১৬২ সাল! পৃথিবী পেরিয়ে তারার রাজ্যে যাত্রা জেট নোভা ও এডেলেইড নোভা ভাইবোনের। স্কুলের ছুটিতে বাবা মায়ের সাথে মহাকাশে বেড়াতে যায় তারা। সেখানে মহাকাশযান পরিষ্কার ও রোবট রিচার্জ করাই তাদের কাজ। অথচ তারা চায় মহাকাশযান চালানো, গ্রহ আবিষ্কার আর এলিয়েনের খোঁজ করার মতো অ্যাডভেঞ্চার। কিন্তু মহাকাশ মানে শুধুই আনন্দ নয়, আছে অজানা অনেক বিপদের সম্ভাবনা!
জেড ও এডেলেইডের মহাকাশ ভ্রমণের চমৎকার গল্প নিয়ে দুরন্ত টিভির নতুন কার্টুন সিরিজ 'স্পেস নোভা'। কন্ঠাভিনয় নির্দেশনা দিয়েছেন হাফিজা আক্তার ঝুমা। দুরন্ত টিভিতে কার্টুন সিরিজটি প্রচারিত হবে ১ মে থেকে প্রতি শুক্রবার ও শনিবার বিকাল ৩টায় ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।
ফোর অ্যান্ড এ হাফ ফ্রেন্ডস
চার বন্ধু, এক কুকুর আর অসাধারণ সব রহস্যের হাতছানি! চার্লি, স্টেফি, ফ্রেড, র্যাডিশ, ফ্রেডের কুকুর ড্যান্ডি ... সবাই মিলে গোয়েন্দা দল - 'চার্লি অ্যান্ড কোম্পানি'। অদ্ভুত ঘটনা, হারিয়ে যাওয়া জিনিস, সন্দেহজনক লোক - সবকিছুতেই তাদের কৌতূহল। সমস্যায় পড়লে তারা ডাকে পুলিশ অফিসার সকেটকে। রহস্যের সমাধান করে প্রচুর প্রশংসাও পায় এই ক্ষুদে গোয়েন্দা দল।
বন্ধুত্ব আর অ্যাডভেঞ্চার নিয়ে কার্টুন সিরিজ 'ফোর অ্যান্ড এ হাফ ফ্রেন্ডস'। কন্ঠাভিনয় নির্দেশনা দিয়েছেন মাহবুব আলম। দুরন্ত টিভিতে কার্টুন সিরিজটি প্রচারিত হবে ১ মে থেকে প্রতি শুক্রবার ও শনিবার দুপুর ২টায় ও সন্ধ্যা ৬টায়।



