জনপ্রিয় গান ‘আমি বন্দী কারাগারে’-এর শিল্পী, লোকসংগীতশিল্পী ও সুরকার মুজিব পরদেশীকে চেক ডিজঅনার মামলায় আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
১০ লাখ টাকার একটি চেকের বিপরীতে পর্যাপ্ত অর্থ না থাকায় দায়ের হওয়া মামলায় আগে দেওয়া এক বছরের সাজা কার্যকরের অংশ হিসেবে তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
বুধবার (৫ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন।
তিনি জানান, মঙ্গলবার (৪ আগস্ট) এক বছরের সাজাপ্রাপ্ত মুজিব পরদেশীকে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
হেলাল উদ্দিন বলেন, তদন্ত সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা সাজাপ্রাপ্ত আসামিকে কারাগারে রাখার আবেদন করেন। শুনানির সময় মুজিব পরদেশীর পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। অন্যদিকে বাদীপক্ষের আইনজীবী সফিকুল ইসলাম জামিনের বিরোধিতা করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার নথি অনুযায়ী, ১০ লাখ টাকার একটি চেক ডিজঅনারের অভিযোগে ২০২২ সালে ইদ্রিস আলী বিশ্বাস মাগুরার আদালতে মুজিব পরদেশীর বিরুদ্ধে মামলা করেন।
মামলার বিচার শেষে ২০২৩ সালের ১৫ মার্চ মাগুরার দ্বিতীয় যুগ্ম দায়রা জজ মুহাম্মদ আনোয়ার ছাদাত রায় ঘোষণা করেন। রায়ে মুজিব পরদেশীকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ ১০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
রায় ঘোষণার সময় তিনি আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়। ওই পরোয়ানার ভিত্তিতে রাজধানীর উত্তরা পশ্চিম থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে।



