Thursday, August 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিনামূল্যে সিনেমা দেখার সুযোগ দিচ্ছে শিল্পকলা একাডেমি 

৯-১১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত ৩ দিনব্যাপী চলচ্চিত্র উৎসবে ৬টি বাংলা সিনেমা প্রদর্শিত হবে

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৭:৩৯ পিএম

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব। ৯ আগস্ট শুরু হয়ে উৎসবটি চলবে ১১ আগস্ট পর্যন্ত। এতে জনপ্রিয় ছয়টি বাংলা সিনেমা প্রদর্শিত হবে। শিল্পকলার জাতীয় চলচ্চিত্র মিলনায়তনে হবে প্রদর্শনীগুলো। 

সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় ‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প-সংস্কৃতি’—এই প্রতিপাদ্যে উৎসবটি অনুষ্ঠিত হবে। শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় উৎসবটি সবার জন্য থাকছে উন্মুক্ত। ফলে বিনামূল্যেই এসব সিনেমা দেখতে পাবেন দর্শকরা। 

আয়োজনটিতে উদ্বোধনী সিনেমা হিসেবে দেখানো হবে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে আছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। এটি দেখানো হবে ৯ আগস্ট সন্ধ্যা ৬টায়। 

প্রথম দিন রাত ৮টায় দেখানো হবে জহির রায়হানের কালজয়ী সিনেমা ‘জীবন থেকে নেয়া’। এ সিনেমার প্রধান চরিত্রে আছেন রাজ্জাক, সুচন্দা, রোজী সামাদ, খান আতাউর রহমান, রওশন জামিল, আনোয়ার হোসেন প্রমুখ। 

উৎসবের দ্বিতীয় দিন ১০ আগস্ট বিকেল ৫টা ৩০ মিনিটে দর্শকরা দেখতে পারবেন খান আতাউর রহমান পরিচালিত ‘আবার তোরা মানুষ হ’। এরপর রাত ৮টায় প্রদর্শিত হবে মোহাম্মদ নূরুজ্জামান নির্মিত ‘মাস্তুল’। 

১১ আগস্ট উৎসবের শেষ দিন বিকেল ৫টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে আমজাদ হোসেন পরিচালিত ‘দুই পয়সার আলতা’। একই দিন রাত ৮টায় উৎসবের সমাপনী প্রদর্শনী হিসেবে থাকছে আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। 

   

About

Popular Links

x