বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খানকে বৈধতা দিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে পদটি নিয়ে সৃষ্ট জটিলতায় জায়েদ খান ও তার প্রতিদ্বন্দ্বী চিত্রনায়িকা নিপুণ আক্তার উভয়কেই এই পদে দায়িত্ব পালনের ওপর স্থিতাবস্থা জারি করা হয়েছে।
নিপুণের করা আপিলের শুনানি নিয়ে রবিবার (৬ মার্চ) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বার আদালত এ আদেশ দেন।
আদালতের এ নির্দেশের কারণে সাধারণ সম্পাদকের চেয়ারে বসা হচ্ছে না জায়েদ কিংবা নিপুণের। আবেদনটি ৪ এপ্রিল আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়েছে।
এমন পরিস্থিতিতে সোমবার এফডিসিতে সংবাদ সম্মেলন করেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। এ সময় তিনি জায়েদ খানের শপথ অবৈধ দাবি করে এ পদ নিয়েও কথা বলেন।
খ্যাতিমান এই অভিনেতা সাংবাদিকদের বলেন, “যেহেতু সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থা রয়েছে তাই এ পদের যে কার্যক্রম তা চালিয়ে নেবেন সাইমন সাদিক। তিনি আমাদের নির্বাচিত সহ-সাধারণ সম্পাদক।”
“সংবিধান অনুযায়ীই সাধারণ সম্পাদকের অবর্তমানে সাইমন ভারপ্রাপ্ত হিসেবে কাজ করবেন,” বলেন কাঞ্চন।
ইলিয়াস কাঞ্চনের এ ঘোষণায় উপস্থিত শিল্পীরা সাইমনকে হাততালি দিয়ে শুভেচ্ছা জানান।
এ বিষয়ে সাইমন সাংবাদিকদের বলেন, “এখনও তো দায়িত্ব পাইনি। দায়িত্ব আসুক তখন কথা বলা যাবে।”



