Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিশ্বখ্যাত চলচ্চিত্রকার জ্যঁ-লুক গদার ‍আর নেই

গদারকে বলা হয় ফ্রেঞ্চ নতুন ধারার চলচ্চিত্রের রূপকার

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৪:৪৩ পিএম

ফ্রান্সের চলচ্চিত্রকার জ্যঁ-লুক গদার আর নেই। তার বয়স হয়েছিলো ৯১ বছর। বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গদার ঘনিষ্ঠজনেরা। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) না ফেরার দেশে পাড়ি জমান বিশ্বখ্যাত এই নির্মাতা।

গদারকে বলা হয় ফ্রেঞ্চ নতুন ধারার চলচ্চিত্রের রূপকার। তিনি ফরাসি চলচ্চিত্রে নতুন এক বিপ্লব নিয়ে এসেছেন। গদার। বিশ্বনন্দিত এই চলচ্চিত্রকার “ব্রেথলেস” ও “কনটেমপ্ট”-এর মতো ক্লাসিক সিনেমা বানিয়েছেন।

জ্যঁ-লুক গদার ১৯৩০ সালের ৩ ডিসেম্বর প্যারিসে জন্মগ্রহণ করেন। ফ্রান্স আর সুইজারল্যান্ডে তার শৈশব কেটেছিল। তিনি ছিলেন গণিতে পারদর্শী এবং বইপোকা।

চলচ্চিত্র জগতে তিনি আত্মপ্রকাশ করেন পঞ্চাশের দশকে। তবে পায়ের নিচের মাটি পোক্ত করতে কিছুটা সময় লাগে। ষাটের দশকে তিনি খ্যাতির জাহাজে চড়েন। বদলে দেন ফরাসি চলচ্চিত্রের ধারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আবির্ভূত ফরাসি নির্মাতাদের মধ্যে সেরা বিবেচনা করা হয় গদারকে।

তার নির্মিত বিখ্যাত কয়েকটি সিনেমা হচ্ছে- “উইকেন্ড”, “পাইরট লে ফু”, “লা পেটিট সোলদাদ”, “ইন প্যারিস অব লাভ”, “দ্য কারাবিনারস”, “দ্য ইমেজ বুক”, “অল দ্য বয়েজ আর কল্ড প্যাট্রিক” ইত্যাদি।

২০০২ সালে ব্রিটিশ চলচ্চিত্র সাময়িকী “সাইট অ্যান্ড সাউন্ড”-এর জরিপে সর্বকালের সেরা ১০ নির্মাতার মধ্যে জায়গা করে নেন জ্যঁ-লুক গদার। ২০১০ সালে গদারকে একাডেমি সম্মানসূচক পুরস্কার প্রদান করা হয়, কিন্তু তিনি এই আয়োজনে অংশগ্রহণ করতে পারেননি। ২০১৪ সালে তার সিনেমা “গুডবাই” কান চলচ্চিত্র উৎসবে জুরি পুরস্কার পায়।

   

About

Popular Links

x