একাত্তরের মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে “দামাল” সিনেমাটি। ২৮ অক্টোবর দেশের ২২টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তির পর থেকেই ছবিটি আলোচনায় রয়েছে। সিনেমাটি দেখা অধিকাংশ দর্শকই এর প্রশংসা করেছেন।
“দামাল” সিনেমার প্রশংসাকারীদের তালিকায় এবার যোগ হলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মঙ্গলবার (১ নভেম্ব সপরিবারে স্টার সিনেপ্লেক্স প্রেক্ষাগৃহে সিনেমাটি উপভোগ করেছেন। এরপর চলচ্চিত্রটির প্রশংসা করতে বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমকে।
মঙ্গলবার ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে জুনাইদ আহমেদ পলক বলেন, “আজ সপরিবারে ‘দামাল' সিনেমাটি দেখলাম। অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের পাশাপাশি দেশের জন্য ফুটবল খেলা।”
“দামাল” সিনেমার মূল গল্পের দিকে ইঙ্গিত দিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, “হতাশায় নিমজ্জিত বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যরা তাদের কোচকে বিদায় জানিয়ে যাওয়ার আগে তিনি তাদেরকে থামিয়ে বসতে বলেন। তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য সেই তিনি স্বাধীন বাংলা ফুটবল দলের সাহসীকতার কাহিনী শোনাতে শুরু করেন, যিনি ১৯৭১ সালে স্বাধীন বাংলা ফুটবল দলের ম্যানেজার ছিলেন।”
“দামাল” সিনেমার মাধ্যমে ভবিষ্যতের স্বপ্নদ্রষ্টা তরুণদের উৎসাহ দিয়ে জুনাইদ আহমেদ পলক বলেন, “৫২ বছর আগে দামাল ছেলেরা যখন খেলেছিল, তখন তাদের নিজেদের একটা দেশ ছিলো না, মানচিত্র ছিল না, পতাকা ছিল না। দেশের জন্য তারা খেলেছিলো জীবন দিয়ে। আজ আমাদের স্বাধীন দেশ আছে, মানচিত্র আছে, লাল সবুজের পতাকা আছে। দেশের জন্য আজ আর আমাদের জীবন দিতে হবে না। শুধু হৃদয় দিয়ে খেলাটা খেললেই হবে।”
পরিশেষ “দামাল” সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করা শিল্পী এবং ছবিটির সঙ্গে সংশ্লিষ্টদের প্রশংসা করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী।
এদিকে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের প্রশংসা পেয়ে “দামাল” সিনেমার পরিচালক রায়হান রাফী ভীষণ উচ্ছ্বসিত।
প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত “দামাল” সিনেমার গল্প লিখেছেন ফরিদুর রেজা সাগর। অভিনয় করেছেন শরিফুল রাজ, সুমিত, সিয়াম, বিদ্যা সিনহা মিম, শাহনাজ সুমি, ইন্তেখাব দিনার, পাকিস্তানিদের দোসরের চরিত্রে রাশেদ অপুসহ অনেকে।



