মুম্বাইয়ের এইচ এন রিল্যায়ান্স ফাউন্ডেশন হাসপাতালে ২০২২ সালের ৬ নভেম্বর কন্যা সন্তানের মা হয়েছেন জনপ্রিয় বলিউড তারকা আলিয়া ভাট। মাতৃত্বকে দারুণ উপভোগ করছেন বলে সম্প্রতি জানান এই অভিনেত্রী।
তবে মেয়ে রাহার মুখ এখনও প্রকাশ্যে আনেননি রণবীর-আলিয়া দম্পতি। দুই বছর বয়স পর্যন্ত মেয়ের ছবি না তোলার জন্য তারা আলোকচিত্রীদের অনুরোধ করেছেন তারা।
মাতৃত্বকে কেমন উপভোগ করছেন, এমন প্রশ্নের জবাবে ভারতীয় সংবাদমাধ্যম মানি কন্ট্রোলকে আলিয়া জানান, মা হওয়ার বিষয় তাকে কেউ প্রশ্ন করলে তার মাথায় আসে সুন্দর সূর্যালোক, তারার আলো এবং ভালোবাসায় পরিপূর্ণ থাকার কথা। হৃদয় ভালোবাসায় ভরে ওঠে।
মাতৃত্বকে “জীবনের সবথেকে সুন্দর পর্যায়” বলে মনে করেন তিনি। প্রতিদিনই শিখছেন উল্লেখ করে আলিয়া জানান, আমি মনে করি সময়ের সঙ্গে চলতে হবে। অনেক কিছুই শিখতে হবে।
তিনি শিখতে চান এবং শেখাটাকে কখনোই থামাতে চান না। আলিয়ার মতে, তিনি এখনও অনেক কিছুই জানেন না। তার অনেক কিছু শেখার বাকি।
পাঁচ বছর প্রেম করার পর ২০২২ সালের ১৪ এপ্রিল বিয়ে করেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। রণবীরের মুম্বাইয়ের বাড়ি “বাস্তু”-তে পরিবারের সদস্য এবং বন্ধুদের উপস্থিতিতে গাঁটছড়া বাঁধেন তারা।
দাদা ঋষি কাপুরের নামের সঙ্গে মিলিয়েই মেয়ের নাম রেখেছেন “রালিয়া”। তবে নাতনির জন্য “রাহা” নামটি পছন্দ করেছেন রণবীরের মা নীতু কাপুর।
উল্লেখ্য, বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে অন্যতম আলিয়া। ২০১২ সালে “স্টুডেন্ট অব দ্য ইয়ার” দিয়ে অভিনয়ে পা রাখেন প্রযোজক মহেশ ভাটের কন্যা। তারপর আর ফিরে তাকাতে হয়নি আলিয়াকে। গত কয়েক বছরে “হাইওয়ে”, “রাজি”, “গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি”, “ডার্লিংস”, “কাপুর অ্যান্ড সন্স”-সহ বেশ কয়েকটি সফল ছবি ও সিরিজ উপহার দিয়েছেন তিনি।



