Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

রমজানে ইফতার-সেহরি বিক্রিতে ব্যস্ত ওমর সানী ও মাহিয়া মাহি

রমজানের প্রথম দিন থেকেই নিজ নিজ রেস্টুরেন্টে সেহরি ও ইফতার বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন দুই ঢালিউড তারকা

আপডেট : ২৬ মার্চ ২০২৩, ০৩:১৬ পিএম

বড়পর্দার তারকা হলেও মাহিয়া মাহি এবং ওমর সানি বর্তমানে সিনেমায় অভিনয়ের চেয়ে অন্যান্য ব্যক্তিগত কাজেই বেশি ব্যস্ত সময় পার করছেন। চলমান রমজানেও সেটির ব্যাতিক্রম হয়নি। রোজার প্রথম দিন থেকেই নিজ নিজ দোকানে দাঁড়িয়ে সেহরি ও ইফতার বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন তারা। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও সেগুলোর কথা জানান দিচ্ছেন দুজন।

৮ মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় মাহিয়া মাহি অনেক দিন ধরেই সিনেমা থেকে দূরে। তবে অব্যাহত ছিল তার রাজনৈতিক মাঠপর্যায়ের কর্মকাণ্ড, পাশাপাশি স্বামীর সঙ্গে ওমরা হজও পালন করেছেন। গত সপ্তাহে হজ করে বিমানবন্দরে নেমেই ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হয়ে ঘণ্টা দুয়েক কারাবন্দি ছিলেন এ অভিনেত্রী। যদিও পরবর্তীতে জামিন পেয়েছেন মাহি।

এরপর গাজীপুরের তেলিপাড়া বাজারে অবস্থিত নিজের রেস্টুরেন্ট ফারিশতায় ইফতার বিক্রি নিয়ে ব্যস্ত হয়ে পড়েন মাহি। শুক্রবার (২৪ মার্চ) প্রথম রোজার দিনে এ চিত্রনায়িকাকে দুপুর থেকে নিজের রেস্তোরাঁয় দাঁড়িয়ে ইফতার বিক্রি করতে দেখা যায়।  ফেসবুক লাইভে এসে রেস্টুরেন্টের ইফতার বিক্রির দৃশ্য দেখান মাহি। তার সঙ্গে ছিলেন স্বামী রাকিব সরকারও।

ফেসবুক লাইভের একপর্যায়ে স্বামী রাকিব সরকারের উদ্দেশে মাহি বলেন, “এবার তুমি কিছু বলো।” রমজানের শুভেচ্ছা জানিয়ে রাকিব সরকার তখন বলেন, “গত বছরের মতো এ বছরও আমরা ইফতার সামগ্রী নিয়ে এসেছি। ফারিশতায় আছে সব সুস্বাদু এবং মানসম্মত খাবার। আপনারা সবাই আসুন।”


এদিকে, মাহিয়া মাহির মতো সাম্প্রতিক সময় ব্যক্তিজীবনে এত নাটকীয় অভিজ্ঞতার মধ্য দিয়ে না গেলেও রমজানের মধ্যে ব্যস্ত সময় পার করছেন ওমর সানীও। বেশ কয়েক মাস আগে ঢাকার আফতাব নগরে চাপওয়ালার শাখা খুলেছেন এ অভিনেতা। রোজার প্রথম দিন থেকে নিজের সেই রেস্টুরেন্ট চাপওয়ালার প্রচারণা করে চলেছেন ওমর সানী।

ওমর সানী বলেন, “এবার সেহরি নাইট চালু করেছি আমরা। আফতাব নগরে যেখানে আমাদের রেস্টুরেন্ট, সেখানে সিকিউরিটি ব্যবস্থা বেশ ভালো, তাই মানুষ এখানে এসে সেহরি খেতে পারছেন স্বাচ্ছন্দ্যে। তাছাড়া, পার্সেল নেওয়া এবং হোম ডেলিভারির ব্যবস্থাও রয়েছে।”


খাবারের মেন্যু প্রসঙ্গে তিনি বলেন, “নামের মতো আমাদের মেইন ফোকাস চাপের ওপর। চিকেন চাপ, বিফ চাপ, লুচি, আলুর দম তো থাকছেই, সঙ্গে বাংলা খাবার রয়েছে। এফডিসির খাবার নিয়ে মানুষের অনেক আগ্রহ, তাই এফডিসির খাবারও থাকছে।”

   

About

Popular Links

x