Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘কিল হিম’ সিনেমার ‘ভাড়াটে দর্শকদের’ বিরুদ্ধে নারীদের শ্লীলতাহানির অভিযোগ

দর্শক ভাড়া করার পাশাপাশি হেনস্তা-শ্লীলতাহানির অভিযোগও অস্বীকার করেছেন ‘কিল হিম’ সিনেমাটির প্রযোজক-পরিচালক মো. ইকবাল

আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ০৬:৪৯ পিএম

ঢালিউড সিনেমায় দর্শক ভাড়ার বা ক্যাডার প্রথার প্রচলন নতুন বিষয় না। এবারের ঈদে ঢাকার অভিজাত মাল্টিপ্লেক্সেও সিনেমার প্রদর্শনীতে ফের দেখা মিলল ভাড়াটে দর্শকের। কিন্তু ভাড়াটে দর্শকরা আমন্ত্রিত সাংবাদিকদের ক্যামেরা-ট্রাইপড-বুম কেড়ে নিয়ে, অনলাইন নিউজ পোর্টালের বুম ভেঙে হেনস্তা এবং নারী গণমাধ্যমকর্মীদের শ্লীলতাহানির চেষ্টা নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

এবারের ঈদ-উল-ফিতরে মুক্তি পেয়েছে “কিল হিম”। সিনেমাটির অভিনেতা অনন্ত জলিল এবং প্রযোজক-পরিচালক মো. ইকবালের বিরুদ্ধে ভাড়া করে আনার অভিযোগ উঠেছে। শুধু তাই না, সেই ভাড়া করে আনা দর্শকদের কাছে বেশ কয়েজন নারী গণমাধ্যমকর্মী হেনস্তার শিকার হয়েছে বলেও অভিযোগ উঠেছে। রবিবার (২৩ এপ্রিল) বিকাল ৪টার দিকে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সের লবিতে এ ঘটনা ঘটে।

দৈনিক সমকালের অনলাইন সংস্করণের এক প্রতিবেদনে বলা হয়, রবিবার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে “কিল হিম” সিনেমার হাজির হবেন জানিয়ে সাংবাদিকদের আহ্বান করেছিলেন অনন্ত জলিল। সেখানেই গণমাধ্যমকর্মীরা অনন্ত জলিলের লোকদের দ্বারা হেনস্তার শিকার হন। অনন্ত জলিল এবং মো. ইকবাল ইকবালের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন মিশা সওদাগরসহ আরও অনেকেই।

সরেজমিনে দেখা যায়, বিকেল সাড়ে ৪টা থেকৈ অনন্তকে ফুলেল শুভেচ্ছা জানাতে বেশ কিছু ভক্ত “কিল হিম” সিনেমার পক্ষে  স্টার সিনেপ্লেক্সের বাইরে অপেক্ষা করছিলেন। তারা মূলত সিনেমার দর্শক না। তারা সিনেমা দেখেনওনি। সেখানে হাজির হওয়া সাংবাদিকদের শুরু থেকেই ভিডিও ফুটেজ সংগ্রহ করার কাজে বাধা দিয়ে আসছিলেন। অনন্তকে ফুল দেওয়ার আয়োজনের সময়, ভিড়ের সুযোগকে কাজে লাগিয়ে তারা নারী সাংবাদিকদের হেনস্তার চেষ্টা করেন।

হেনস্তার শিকার হওয়া একজন বলেন, “আমরা অনন্ত জলিলের দাওয়াতেই হল ঈদের দ্বিতীয় দিন সিনেপ্লেক্সে হলে দর্শকদের উপস্থিতি কাভার করতে যাই। কিন্তু সেখানে যারা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করেন তারা কেউ সিনেমার দর্শক নন, তারা অনন্ত জলিলকে যেভাবে স্যার বলেন না। এছাড়া, তাদের আচরণ দেখে সবাই বুঝবে তারা যে ভক্ত নন, নায়কের স্টাফ!”

তবে “কিল হিম” সিনেমাটির প্রযোজক-পরিচালক মো. ইকবালের দাবি, দর্শক ভাড়া করে আনার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ছবিটি দেখতে আসা দর্শকদের ভিড় উপচে পড়ায় ধাক্কাধাক্কি বেশি হয়েছে। ওই ভিড়ের কবলে অনন্ত জলিলসহ তিনি নিজেও পড়েছিলেন। 

তিনি বলেন, “এমন কিছুই আমার চোখে পড়েনি। আমাদের কাছে কেউ অভিযোগও করেনি। কাল তো আমিও ভিড়ে আমার আংটি হারিয়ে ফেলেছি। আর লোক ভাড়া করে আনার যে বিষয়টি বলা হচ্ছে তা মিথ্যা। তারা নায়কের ক্রেজি ভক্ত। অনন্ত ভাইকে এক পলক দেখতেই তারা ছুটে এসেছেন।”

প্রসঙ্গত, গত বছরের ঈদ-উল-আজহাতে মুক্তি পাওয়া “দিন দ্য ডে” সিনেমার বেলায়ও “ভাড়াটে দর্শক” এনে প্রেক্ষাগৃহে ভিড় বাড়ানোর অভিযোগ উঠেছিল অনন্ত জলিলের বিরুদ্ধে। তবে সেবার অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। 

উল্লেখ্য, “কিল হিম” সিনেমাটি এবারের ঈদ-উল-ফিতরে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি বাজেটে নির্মিত বলে নির্মাতাদের দাবি। মো. ইকবালের পরিচালনা ও প্রযোজনায় সিনেমাটি নির্মাণে চার কোটি টাকারও বেশি খরচ হয়েছে বলে প্রচার করা হচ্ছে। বরাবরের মতোই অনন্ত জলিলের সঙ্গে তার অভিনীত সিনেমায় দেখা যাবে চিত্রনায়িকা বর্ষাকে। “কিল হিম”র মাধ্যমে প্রথমবার অন্য কারও প্রযোজিত সিনেমায় অভিনয় করলেন অনন্ত জলিল ও বর্ষা। এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, রুবেল, শিবা শানু, জাদু আজাদ প্রমুখ।

   

About

Popular Links

x