ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ইউনেস্কো তৈরি করেছে পোয়েট্রিক্যাল ফিল্ম। এতে কাজী নজরুল ইসলামের বিখ্যাত “বিদ্রোহী”র সঙ্গে মার্কিন কবি মায়া অ্যাঞ্জেলোর কবিতার সমন্বয় করা হয়েছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) প্রকাশ পেয়েছে এটি। এতে আবৃত্তিতে ভাবনার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সামিউল ইসলাম পোলাক। সঙ্গে রয়েছে ভাবনার অসাধারণ পোয়েটিক নৃত্য। ভিডিওচিত্রটি নির্মাণ করেছেন রনি শরাফাত। উপস্থাপনায় স্বপ্নীল ফাউন্ডেশন।
এই পরিবেশনা নিয়ে ভাবনা বলেন, “আমি চাচ্ছিলাম বিদ্রোহী কবিতায় নাচ করতে। পোলাক ভাই এই আইডিয়া শোনান যে, বিদ্রোহীর সঙ্গে মায়া অ্যাঞ্জেলোর কবিতার সমন্বয়ে একটি পারফর্মেন্স করা যায়। এরপরই কাজটি করা। এটি আসলে কবি কাজী নজরুল ইসলাম, মায়া অ্যাঞ্জেলো ও ভাষা শহিদদের প্রতি আমাদের ট্রিবিউট।”
শুধু কাজে নয়, এই কবিতাগুলোর বিষয়বস্তু বাস্তব জীবনেও বিশ্বাস করেন ভাবনা। তার ভাষ্য, “মায়া অ্যাঞ্জেলোর কবিতার সুরেই বলতে পারি, স্টিল আই উইল রাইজ। যতই আমাকে আটকানো হোক না কেন, যতই বেঁধে রাখা হোক না কেন, আমি জেগে উঠবো।”
এ পোয়েট্রিক্যাল ফিল্মটি শেষ হয়েছে একটি পেইন্টিং প্রদর্শনের মাধ্যমে। সেটিও ভাবনার আঁকা। এই চিত্র নিয়ে তার মন্তব্য, “পুরুষ, নারী, ট্রান্সজেন্ডার যে-ই হোক না কেন, তিনি কিন্তু একজন নারীর পেটেই জন্ম নেন। এই পেইন্টিংয়ে আমি সেই বিষয়টিকেই প্রতীকীভাবে তুলে ধরেছি।”
উল্লেখ্য, এর আগে দুর্গাপূজা উপলক্ষে ২০২১ সালের অক্টোবরে “আয় গিরিনন্দিনী” গানের সঙ্গে ক্লাসিক্যাল নৃত্যের একটি পরিবেশনা উপহার দিয়েছিলেন ভাবনা। সেটিও তার ব্যতিক্রম কাজের উদাহরণ হয়ে আছে।



