আগামী সপ্তাহে মুক্তি পেতে যাচ্ছে কারান জোহর পরিচালিত পরবর্তী সিনেমা “রকি অউর রানি কি প্রেম কাহানি”। এ সিনেমার মাধ্যমে দীর্ঘ ৭ বছর পর ক্যামেরার পেছনে দাঁড়িয়েছেন কারান। অন্যদিকে, ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত “গাল্লি বয়”র পর আবারও জুটি বাঁধছেন রণবীর সিং এবং আলিয়া ভাট।
জুলাইয়ের শুরুতেই “রকি অউর রানি কি প্রেম কাহানি”র ট্রেইলার প্রকাশ্যে আসার পর থেকে সিনেমাটি আলোচনায় রয়েছে। শুভমুক্তিকে সামনে রেখে ফ্যামিলি ড্রামা ঘরানার সিনেমাটির প্রচারণাও চলছে পুরোদমে। কিন্তু মুক্তির এক সপ্তাহেরও কম সময়েরও আগে সিনেমাটি এক দফা হোঁচট খেল।
মুক্তির কয়েকদিন আগে “রকি অউর রানি কি প্রেম কাহানি” সিনেমার ওপর ছুরি কাঁচি চালিয়েছে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)। ভারতের সেন্সর বোর্ডের এ আপত্তির মুখে সিনেমার বেশ কয়েকটি দৃশ্য আর সংলাপ বাদ পড়েছে। পাশাপাশি কয়েকটি অশালীন শব্দেও এসেছে পরিবর্তন এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
“রকি অউর রানি কি প্রেম কাহানি” সিনেমায় স্টেরিওটাইপ বাঙালি সংস্কৃতি দেখাতে গিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অবতারণা করা হয়েছিল। তবে অনেক দর্শকই অভিযোগ করেন, এতে রবি ঠাকুরকে অসম্মান করা হয়েছে। শুধু তাই না, “খেলা হবে” স্লোগান থেকে শুরু করে লোক সভা আর পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্পর্কিতও অনেক প্রসঙ্গ সিনেমায় তুলে ধরা হয়েছিল, যা নিয়ে অনেকেই আপত্তি তুলেছিলেন।
গত ১৯ জুলাই “রকি অউর রানি কি প্রেম কাহানি” সিনেমাটিকে ইউ/এ সার্টিফিকেট দিয়ে মুক্তির ছাড়পত্র দেয় সেন্সর বোর্ড। তবে তার আগে লোক সভা আর পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্পর্কিত সব প্রসঙ্গ ছেঁটে ফেলা হয়েছে। পাশাপাশি ট্রেইলারে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে দৃশ্য দেখা যায়, তাতেও পরিবর্তন আনার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত গত মাসে মুক্তি পাওয়া “আদিপুরুষ” সিনেমার পরিণতি থেকে পাওয়া শিক্ষা নিয়েই স্পর্শকাতর বিষয়ে বাড়তি সতর্কতার পথে হাঁটছে সেন্সর বোর্ড।
এছাড়া, সিনেমার বেশ কয়েকটি অশ্লীল শব্দেও বদল আনা হয়েছে। যেমন: “ব্রা”র পরিবর্তে বলা হয়েছে আইটেম। জনপ্রিয় অ্যালকোহল ব্র্যান্ড ওল্ড মঙ্ক বদলে বোল্ড মঙ্ক করা হয়েছে। এছাড়া, লিঞ্জেরির দোকানের একটি দৃশ্যে নারীদের অসম্মান করা কিছু কথাও সরিয়ে দেওয়া হয়েছে।
আগামী ২৮ জুলাই মুক্তি পাবে “রকি অউর রানি কি প্রেম কাহানি”। এ ছবিতে রানী চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট। যেখানে তাকে দেখানো হয়েছে শিক্ষিত, বুদ্ধিমতী বাঙালি নারী হিসেবে অন্যদিকে রণবীর সিং অভিনয় করেছেন পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে জ্ঞানশূন্য, পাঞ্জাবি তরুণের চরিত্রে। রণবীর-আলিয়া ছাড়াও এ সিনেমায় আরও অভিনয় করেছেন জয়া বচ্চন, শাবানা আজমি, ধর্মেন্দ্র, টোটা রায় চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায় প্রমুখ।



