নির্বাচনের সুন্দর পরিবেশ প্রত্যাশা করেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। তিনি আগামী ৭ জানুয়ারি ভোট দিতে ভোটকেন্দ্রে যাবেন। একই সঙ্গে তিনি মনে করেন, “প্রতিটা ভোটারেরই ভোট দেওয়া উচিত।”
তিনি বলেন, “প্রতিটি মানুষের ভোট ম্যাটার করে, সেটা যেমন প্রার্থীই হোক আর যেমন নির্বাচনই হোক। গত নির্বাচনেও দেখেছি, আমার আশপাশের অনেকেই ভোট দিতে যাননি। অথচ ভোট প্রতিটি মানুষের গণতান্ত্রিক অধিকার। আমাদের প্রত্যেকের ভোট দেওয়া উচিত। সবাই অনুরোধ করছি, প্লিজ ভোটকেন্দ্রে আসুন এবং আপনার রায় দিয়ে যোগ্য নেতা নির্বাচন করুন।”
অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
ধানমন্ডির বাসিন্দা ভাবনা ঢাকা-১০ আসনের ভোটার। এই আসনে তার সহকর্মী চিত্রনায়ক ফেরদৌস নৌকার টিকেটে ভোটের মাঠে আছেন। ফেরদৌস সম্পর্কে তিনি বলেন, “তাকে আমি চিনি এবং নেতা হিসেবে পছন্দও করি।”
সারাদেশে বেশ কয়েকটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও বেশ কয়েকজন শোবিজ তারকা। তাদের জন্য শুভকামনাও জানিয়েছেন এই অভিনেত্রী।
নিজ নির্বাচনী এলাকায় প্রার্থীদের কাছে প্রত্যাশা সম্পর্কে তিনি বলেন, “ধানমন্ডির রাস্তায় অনেক বড় বড় গাছ ছিলো, সেগুলো কেটে ফেলা হয়েছে। সেগুলো রক্ষার জন্য অনেক আন্দোলনও হয়েছে, তাতে কাজ হয়নি। যেহেতু কেটে ফেলা হয়েছে, সেটা নিয়ে আর কথা বলে লাভ নাই। আমার পছন্দের প্রার্থীর প্রতি দাবি, নতুনকরে গাছ লাগানোর বিষয়টি তিনি যেন ভাবেন। নির্বাচিত হলে সেটা যেন বাস্তবায়ন করেন।”
রাজনীতিতে আসবেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “রাজনীতি নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই। এখন আমি আমার সিনেমা ক্যারিয়ার গড়া আর ভালো অভিনেতা হওয়ার প্রক্রিয়ায় আছি। কিন্তু হোয়াটস গননা হ্যাপেন্ড টুমরো, নোবডি নোজ...। সো বলা যায় না।”



