ব্রেন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা ও পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রয়েছেন।
সোমবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে ফারুকীর স্ত্রী জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে ফারুকীর অসুস্থ হওয়ার কথা জানান।
পোস্টে তিশা লিখেছেন, “আজ সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই ডাক্তার বলল অ্যানজিওগ্রাম করতে। করা হলো। ছোট একটা ব্রেন স্ট্রোক হয়েছে ওর। নিউরো আইসিইউতে অবজারভেশনে আছে এখন। সবাই মোস্তফা সরয়ার ফারুকীর জন্য দোয়া করবেন।”
তিশার কাছ থেকে পাওয়া এমন খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন বিনোদন অঙ্গনে তাদের শুভাকাঙ্ক্ষী, সহযাত্রী এবং দেশ-বিদেশে ছড়িয়ে থাকা তাদের ভক্তরা। সবাই ফারুকীর দ্রুত সুস্থতা কামনা করেন।
মঙ্গলবার বেলা ১১টায় তিশা গণমাধ্যমকে বলেন, “ফারুকীর সিটি অ্যানজিওগ্রাম করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, অপারেশন করতে হবে না। তবে পুরোপুরি সুস্থ হতে একটু সময় লাগবে।”
তিনি আরও বলেন, “চিকিৎসক আপাতত ফারুকীকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন। এরপর ব্রেইনের একটি সিটিস্ক্যান করার মাধ্যমে পরবর্তী অবস্থা জানা যাবে।”



