নব্বইয়ের দশকের ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। অভিনয় ক্যারিয়ারে সাফল্যের পাশাপাশি চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) নামের সংগঠনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তিনি। এবার তাকে দেখা যাবে টেলিভিশন নাটকের অভিনয়ে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার হবে ইলিয়াস কাঞ্চন অভিনীত নাটক “রূপান্তর”।
সুজাত শিমুলের রচনায় শুভ্র আহমেদের নির্দেশনায় ও মাহফুজার রহমানের প্রযোজনায় নাটকটিতে আরও অভিনয় করেছেন মামুনুর রশিদ, আহসান হাবিব নাসিম, সুষমা সরকার, সাজ্জাদ সাজু, নীলিমা নুপুর, শামা ফারজানা, উত্তম অধিকারী, ওয়ানিয়া আহমেদ ও তাপস সরকার।
ইলিয়াস কাঞ্চন আগেও যে টিভি নাটকে অভিনয় করেননি, তা নয়। তবে শেষ কবে কোন নাটকে অভিনয় করেছেন সেটি অভিনেতা নিজেও মনে করতে পারছেন না। সে হিসেবে দীর্ঘদিন পর কোনও টিভি নাটকে দেখা যাবে এই অভিনেতাকে।
নাটকের গল্পে দেখা যাবে- কামরান আহমেদ একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাকে। যার দুই ছেলে ও এক মেয়ে; বড় ছেলের বউ রেহানা ও নাতনী অরিনকে নিয়ে তার সংসার। পরিবারের সবার ওপর তার ভীষণ আক্ষেপ। কারণ কারো মধ্যে কোনও শৃঙ্খলা নেই। এই অবসরপ্রাপ্ত কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন কাঞ্চন।
প্রযোজক মাহফুজার রহমান বলেন, “আধুনিক ঢাকা শহরের পরিবারগুলোতে বাবার শাসন না থাকলে যে অবস্থা হয় তারই চিত্র দেখানোর চেষ্টা করেছি এ নাটকে।”



