Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

যমুনা ফিউচার পার্কে প্রথম দোকানের মালিক শাকিব খান?

যমুনা ইলেকট্রনিকস ও অটোমোবাইলসের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন বুবলী

আপডেট : ২০ মার্চ ২০২৪, ০৪:১৭ পিএম

কয়েকদিন আগেই কর্পোরেট জগতে অভিষেক হয়েছে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের। একটি বহুজাতিক কোম্পানির পরিচালক হিসেবে যুক্ত হয়েছেন তিনি।

এদিকে তার দ্বিতীয় স্ত্রী আরেক জনপ্রিয় নায়িকা শবনম বুবলীও যুক্ত হয়েছেন কর্পোরেট জগতে। তবে সেটা কিছুটা ভিন্নভাবে। যমুনা ইলেকট্রনিকস ও অটোমোবাইলসের শুভেচ্ছাদূত হিসেবে নাম লিখিয়েছেন বুবলী।

বুধবার (২০ মার্চ) দুপুরে রাজধানীর যমুনা ফিউচার পার্কে হাজির হয়ে নতুন এই যাত্রার চুক্তি সই করেন বুবলী। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বুবলী। এতে শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হওয়ার বিষয়ের পাশাপাশি উঠে আসে সিনেমা এবং অন্যান্য প্রসঙ্গও।

শুভেচ্ছাদূত হওয়া নিয়ে বুবলী বললেন, “আজ আমি অনেক এক্সাইটেড। কারণ দেশের অন্যতম বড় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরেছি। এজন্য এই প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের প্রতি আমার কৃতজ্ঞতা। আজ আমার নতুন যাত্রা হলো। এই পথটা সাফল্যের সঙ্গে পাড়ি দিতে চাই।”

বুবলীর সঙ্গে চুক্তি সই করেন যমুনার মার্কেটিং বিভাগের প্রধান সেলিম উল্লাহ সেলিম। তিনি জানান, প্রতিষ্ঠানটির হয়ে বেশ কিছু বিজ্ঞাপনচিত্রে কাজ করবেন বুবলী। সেইসঙ্গে তার নতুন সিনেমাগুলোর প্রচারণা ও পৃষ্ঠপোষকতায় থাকবে এই কোম্পানি। 

এ সময় শাকিব খানের ব্যবসায় জড়িত হওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বুবলী বলেন, “তিনি আগে থেকেই বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত। তার প্রযোজনা প্রতিষ্ঠান আছে। সেখান থেকে সফলভাবে ছবি বানিয়েছেন। এছাড়া আরও কিছু ব্যবসাও আছে, যেগুলোর কথা তিনি প্রকাশ করেন না। আমি মনে করি তিনি অভিনেতা হিসেবে যেমন সেরা, তেমনি বিজনেসেও বেস্ট।”

বুবলীর এই কথার সূত্র ধরে শাকিব প্রসঙ্গে একটি গোপন তথ্য জানান যমুনার এক কর্মকর্তা। তিনি জানান, ২০০৮ সালে যখন যমুনা ফিউচার পার্কের দোকান বিক্রি প্রক্রিয়া শুরু হয়, তখন একটি বিজ্ঞাপনচিত্র প্রচার করা হয়েছিল। সেটা দেখে পরদিনই যমুনার অফিসে হাজির হন শাকিব খান, এবং শপিংমলটির প্রথম দোকান তথা ০০০১ আইডির দোকানটি ক্রয় করেন। যদি এই তথ্যটি সঠিক হয়, তাহলে যমুনা ফিউচার পার্কের প্রথম দোকানের মালিক শাকিব খান।

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বুবলী/সংগৃহীত

এদিকে, আসন্ন ঈদে বুবলী অভিনীত “দেয়ালের দেশ” ও “মায়া” নামের দুটি সিনেমা মুক্তি নিয়ে আলোচনা চলছে। এ বিষয়ে বুবলী বলেন, “‘দেয়ালের দেশ’ নিয়ে আমি কনফার্ম। এটা ঈদেই আসবে। এই ছবিতে আমাকে যেভাবে দেখা যাবে, সেভাবে এখনও পর্যন্ত দেখা যায়নি। এটা আমি শতভাগ নিশ্চয়তা দিলাম। আরও একটা ছবি ‘মায়া’ রিলিজ হওয়ার কথা শুনতে পাচ্ছি। দেখা যাক, দুটো সিনেমা রিলিজ হলে তো আমার জন্যও আনন্দের।”

অন্যদিকে ঈদে শাকিবের সিনেমা “রাজকুমার” মুক্তি পাচ্ছে। সেটার সঙ্গে প্রতিযোগিতায় নামছেন কি-না, এমন প্রশ্নের জবাবে বুবলী বলেন, “তিনি পঁচিশ বছর ধরে কাজ করছেন। আমার ফিল্ম জার্নি শুরু হয়েছে তার হাত ধরে। তার ছবি রোজার ঈদে আসছে, আমিও আসছি। আমরা যার যার জায়গা থেকে ভালো ছবি নিয়ে আসছি। এখানে প্রতিযোগিতার কিছু নেই। আমি সবসময় তার ছবির জন্য শুভকামনা জানাই। ইনফ্যাক্ট সবার ছবির জন্যই শুভকামনা থাকে।”

   

About

Popular Links

x