ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রকাশিত হয়েছে ফোক সম্রাজ্ঞী মমতাজ এবং কণ্ঠশিল্পী পারভেজ সাজ্জাদের দুটি গান। গান দুটির প্রোমো প্রচারিত হয়েছে নিউইয়র্কের টাইমস স্কয়ারের বিলবোর্ডে।
টাইম স্কয়ারে বাংলা নববর্ষ উদযাপন করা হয়। সেই অনুষ্ঠানেই প্রচারিত হয় গান দুটির প্রোমো।
মমতাজের কণ্ঠে প্রকাশিত গানটির নাম তেজপাতা। আর পারভেজ সাজ্জাদ কণ্ঠ দিয়েছেন "বিড়ি" গানে। দুটি গানই টিএম রেকর্ডসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।
রবিবার (১৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিএম রেকর্ডস জানিয়েছে, নববর্ষ উদযাপন অনুষ্ঠানে গান দুটির প্রোমো প্রচারের সময় হাজারো বাঙালি উচ্ছ্বাসে মেতে ওঠেন।
এসময় উপস্থিত ছিলেন মমতাজ। দর্শকদের সামনে গানটি গেয়েও শোনান তিনি।
অন্যদিকে, পারভেজ সাজ্জাদের বিড়ি গানের মিউজিক ভিডিওতে পারফর্ম করেছেন চিত্রনায়ক জায়েদ খান। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন জায়েদ খান।
ফলে টাইমস স্কয়ারের বিলবোর্ডে রবিবার ভেসে উঠেছে মমতাজ ও জায়েদ খানের ছবি।
টিএম রেকর্ডসের কর্ণধার কৌশিক হোসেন তাপস গান দুটির কথা, সুর ও সঙ্গীত পরিচালনার পাশাপাশি মিউজিক ভিডিও নির্মাণ করেছেন।
এর ফলে, প্রায় ১৬ বছর পর নির্মাণে ফিরলেন তিনি।



