বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনে বাধা নেই মনোয়ার হোসেন ডিপজলের। তার দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা জারি করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।
সোমবার (২৭ মে) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। ফলে শিল্পী সমিতির সম্পাদক পদে ডিপজলের দায়িত্ব পালনে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
আদালতে ডিপজলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। নিপুণের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক।
এর আগে, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজলকে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। হাইকোর্টের জারি করা এ নিষেধাজ্ঞার আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন ডিপজল।
গত ১৫ মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নাসরিন আক্তার নিপুণ। রিটে মিশা-ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চাওয়া হয়। নিপুণের পক্ষে এ রিট করেন অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায়। রিটে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে এ ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়। পাশাপাশি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়।
ওই রিটের শুনানি নিয়ে ২০ মে হাইকোর্ট বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজলের দায়িত্ব পালনের ওপর নিষেধাজ্ঞা দেন। একইসঙ্গে নির্বাচনে অনিয়মের ঘটনা তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সব আদেশ দেন।



শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ ফেরত চেয়ে আদালতে ডিপজল
ডিপজল: শিল্পীদের আর ভাবমূর্তি বলে কিছু নাই