শুরু হয়েছে হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। অন্যান্যদের মতো এ উৎসবকে ঘিরে নিজের প্রত্যাশাও ব্যক্ত করেছেন অপু বিশ্বাস।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, “আমরা ছোট থাকতে তো সে সময়কার পূজা তো অনেক গর্জিয়াস ছিল, অনেক পরিকল্পনা থাকত, অনেক আনন্দ থাকত। সারাবছর অপেক্ষায় থাকতাম কখন পূজা আসবে। এখনকার পূজার সঙ্গে সেই সময়ের তুলনা চলে না। এখন সব দিন একই রকম হয়ে গেছে। পেশাগত ব্যস্ততা আর পূজার ব্যস্ততা মিলেমিশে এক হয়ে গেছে।”
এবারের পূজা ঢাকাতেই উদযাপন করবেন জানিয়ে অপু বিশ্বাস বলেন, “পূজায় এবার ঢাকাতেই আছি। অষ্টমীর দিন অঞ্জলি দেব। পূজা ট্র্যাডিশনাল একটি বিষয়। তাই সাজপোশাকে ট্র্যাডিশনাল বিষয়টি থাকবে। পূজার বিকেলগুলো পরিবারের সঙ্গে কাটাব। জয়কে নিয়ে এবার অনেক আনন্দ করব। ওকে নিয়েই এবারের সব পরিকল্পনা। পূজায় পরিবারের সদস্যদের সুন্দর সুন্দর উপহার দিচ্ছি। নিজেও পূজার উপহার পাচ্ছি।”
মা মারা যাওয়ার পর থেকে ছেলে আব্রাম খান জয়কে নিয়ে সময় কাটাচ্ছেন অপু। এবারের পূজার সব পরিকল্পনা সাজিয়েছেন ছেলেকে ঘিরেই।



