বুধবার মেয়ে ইশা আম্বানির প্রসাধনী সংস্থার একটি অনুষ্ঠানে বলিউড তারকাদের হাট বসেছিল ভারতের মুম্বাইয়ে। কারিনা কাপুর খান, কিয়ারা আদবানী, শাহরুখ কন্যা সুহানা খান থেকে শুরু করে তৃপ্তি দিমরিসহ বলিউডের বহু তারকাই এসেছিলেন এ অনুষ্ঠানে। হালকা বেগুনি রঙের মখমলের একটি প্যান্টস্যুট পরে এ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ইশা আম্বানি। কিন্তু নীতা আম্বানির স্টাইলের সামনে দাঁড়াতে পারলেন না কেউই। অনুষ্ঠানে সবার চোখ গিয়ে আটকায় নীতার পপকর্ন ব্যাগে।

নীতা আম্বানির নেওয়া এই পপকর্ন ব্যাগটি সদ্য বাজারে এনেছে আন্তর্জাতিক ফ্যাশন সংস্থা শানেল। সংস্থাটি গত মাসেই প্রকাশ করেছে ২০২৪-২৫ এর শীতকালীন সম্ভার। তাদের ওয়েবসাইটে দেখা যাচ্ছে নীতার হাতে থাকা এই পপকর্ন ব্যাগ সেই সম্ভারেরই একটি। তবে দাম কত, তা জানায়নি সংস্থাটি। দামের জায়গায় লেখা আছে, “দাম ধার্য হবে বিশেষ অনুরোধের ভিত্তিতে।” তবে ব্যাগটি কী দিয়ে তৈরি তার বিস্তারিত বর্ণনা রয়েছে শানেলের ওয়েবসাইটে। মুক্তা, হোয়াইট গোল্ড, সেমি প্রেসাস মেটাল এবং নকল চামড়া দিয়ে তৈরি হয়েছে শানেলের ওই “পপকর্ন ক্লাচ”।



