২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে যাত্রা শুরু করে নারীদের কে-পপ ব্যান্ড “লাইমলাইট”। তখন এই ব্যান্ডের সদস্যসংখ্যা ছিল তিনজন- মিইউ, সুহে ও গাইন। এরপর ২০২৪ সালের জুলাই মাসে এই ব্যান্ডের বিস্তৃতি বাড়ানোর পরিকল্পনা করে “১৪৩ এন্টারটেইনমেন্ট”। যোগ হয় আরও চারজন নতুন সদস্য- সেরিনা, নাগুমি, ইয়োসে ও মাসিরু। তাদের নিয়ে গত সেপ্টেম্বরে “মেইদেন” নামে শুরু হয় গার্লস গ্রুপটির নতুন যাত্রা।
দুই মাস না যেতেই সাত সদস্যের এই ব্যান্ডের সদস্য সংখ্যা হয়ে যায় ছয়জন। এজেন্সির প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে ব্যান্ড ছেড়েছেন প্রতিষ্ঠাকালীন সদস্য গাইন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কোরীয় অনলাইন গণমাধ্যম সুম্পি ডটকম।
গত শুক্রবার এক বিবৃতি প্রকাশ করে দল ত্যাগের খবর জানিয়েছে ১৪৩ এন্টারটেইনমেন্ট। বিবৃতিতে বলা হয়েছে, “দুঃখের সঙ্গে জানাচ্ছি, গাইন আজ থেকে আর আমাদের সঙ্গে নেই। সেপ্টেম্বরে মেইডেনের কার্যক্রম শুরুর পর ব্যাপক অবদান রেখেছিলেন গাইন। ব্যক্তিগত কারণে দল ত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।”

তার কয়েক সপ্তাহ আগে ১৪৩ এন্টারটেইনমেন্ট জানিয়েছিল, অসুস্থতার কারণে গাইন ব্যান্ডের কার্যক্রম থেকে আপাতত বিরত আছেন। সুস্থ হলে তিনি আবার ফিরে আসবেন।
তবে ওই সময় গাইন তার ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে “মেইদেন” সংক্রান্ত সব পোস্ট মুছে দেন। তখন গুঞ্জন ওঠে, ১৪৩ এন্টারটেইনমেন্টের সিইওর দ্বারা যৌন হেনস্তার শিকার হয়েছেন গাইন। এজন্য তিনি ব্যান্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এসবের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় একটি অডিও রেকর্ড। যা থেকে জানা গিয়েছিল, প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তার আপত্তিকর প্রস্তাব দিয়েছেন গাইনকে। এজন্য জোরাজুরিও করেন সিইও।
তবে এমন অভিযোগ পরবর্তীতে অস্বীকার করে ১৪৩ এন্টারটেইনমেন্ট। তাদের দাবি, “সম্প্রতি যৌন হেনস্তার যে গুজব রটেছে, তা সত্য নয়। এ অভিযোগ যে মিথ্যা, তার পক্ষে আমাদের কাছে যথেষ্ট তথ্যপ্রমাণ আছে।”



