দেশে সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, শোরুম বা রেস্তোরাঁ উদ্বোধন করতে গিয়ে বাধার মুখে পড়ছেন অভিনেত্রীরা। এই তালিকায় রয়েছেন- মেহজাবীন চৌধুরী, পরীমণি ও অপু বিশ্বাস। বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়ে এক বিবৃতি দিয়েছে অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ।
বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু ঘটনা আমাদের উদ্বিগ্ন ও শঙ্কিত করেছে এবং শিল্পীর স্বাধীনতা ও পেশার প্রতি হুমকি হয়ে দাঁড়াচ্ছে। আমরা লক্ষ করেছি, নারী অভিনয়শিল্পীদের বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণে বাধা দেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, যদি কোনো অভিনয়শিল্পী কোনো রকম অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকেন, তবে সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে রাষ্ট্রের প্রচলিত আইনে তার বিচার হবে। কিন্তু অহেতুক হয়রানি বন্ধ করা না গেলে ভয়-শঙ্কাহীন ও স্বাধীনভাবে শিল্প–সংস্কৃতির চর্চা করা কঠিন হয়ে দাঁড়াবে। এতে দেশীয় শিল্প-সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হবে এবং ভিনদেশি ও অপসংস্কৃতির বিস্তার ঘটার আশঙ্কা তৈরি হবে। আমরা এ বিষয়ে সরকার ও যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং আশু সমাধান দাবি করছি। এই মুহূর্তে সকলকে সঙ্গে নিয়ে আগামী দিনের বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সংস্কৃতিবান্ধব বাংলাদেশ বিনির্মাণ হোক আমাদের সকলের লক্ষ্য।
উল্লেখ্য, তিন মাসের ব্যবধানে একই কায়দায় ঢাকার কামরাঙ্গীরচরে অপু বিশ্বাস, চট্টগ্রামে মেহজাবীন চৌধুরী, টাঙ্গাইলে পরীমনি বাধার মুখে পড়েছেন।




পরীমণিকে টাঙ্গাইলে ঢুকতে বাধা, অনুষ্ঠান স্থগিত
এবার বাধার মুখে রেস্টুরেন্ট উদ্বোধন করতে পারলেন না অপু বিশ্বাস
‘তাওহিদি জনতা’র বাধায় শো-রুম উদ্বোধন করা হলো না মেহজাবীনের