কোক স্টুডিও বাংলার প্রথম গান প্রকাশ পায় ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি। শুরু দিকে “কোক স্টুডিও বাংলা” নাম নিয়ে বিতর্ক থাকলেও আস্তে আস্তে প্রকাশিত গানগুলো পছন্দ করতে থাকেন শ্রোতারা। তবে গত বছর একটি বিজ্ঞাপন নিয়ে বিতর্কের পর থেকে থমকে আছে কোক স্টুডিয়ো বাংলার প্রযোজনা। এরপর আর আসেনি নতুন কোনো গান।
তৃতীয় মৌসুমের ঘোষণা দেওয়ার পরও কেন আসছে না নতুন গান। এ বিষয়ে খোঁজ নিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বাংলা। সংবাদমাধ্যমটি তাদের প্রতিবেদনে বলেছে, গত বছর ঈদ-উল-আজহার আগে কোকাকোলার একটি বিজ্ঞাপনের কারণেই থমকে গেছে কোক স্টুডিও বাংলার কার্যক্রম।
বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞাপনটি প্রচারে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। নেটিজেনদের “রোষানলে” পড়েন বিজ্ঞাপনের নির্মাতা ও অভিনয়শিল্পীরা। এছাড়াও ওই সময় কোক ব্রান্ডের সঙ্গে জড়িত সবকিছু বর্জনের ডাক দেওয়া হয়। তাতে খানিকটা বিপদে পড়ে যায় ব্র্যান্ডটি। সেই অবস্থায় নতুন গান প্রকাশের ঝুঁকি নেননি আয়োজকরা।
বিতর্ক শুধু বিজ্ঞাপন নিয়েই হয়নি
তৃতীয় মৌসুমের “মালো মা” প্রকাশের পর গানটির গীতিকার হিসেবে খালেক দেওয়ানের নাম দেওয়া নিয়েও শুরু হয় বিতর্ক। নেত্রকোনার বাউলসাধক রশিদ উদ্দিনের “মাগো মা” গানের সঙ্গে ঢাকার সাধক, কবি ও শিল্পী খালেক “মা” গানের মিল খুঁজেছেন শ্রোতারা।
বিজ্ঞাপন নিয়ে সমালোচনার সূত্র ধরে কোক স্টুডিও বাংলার নতুন গান নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। প্রথম সিজনের “বুলবুলি” গানের গায়ক ঋতুরাজের ফেসবুক পোস্টেও সেই ইঙ্গিত পাওয়া যায়। ফেসবুকে ঋতুরাজ কিছুদিন আগে লিখেছিলেন, “একটা অ্যাড বানানোর জন্য গানগুলো বন্ধ হয়ে যাবে কেন?”
এ বিষয়ে কোক স্টুডিও বাংলার সংগীত প্রযোজক ও সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব বিবিসি বাংলাকে বলেন, “কোক নিয়ে সারাদেশে ও বিশ্বে নেতিবাচক প্রচারণা শুরু হয়েছিল। ইসরায়েল-ফিলিস্থিনি যুদ্ধের কারণে কোক বয়কট করার প্রচারণা চলছিল। এই অবস্থায় তো আসলে গান প্রকাশ করা যায় না। শুধু গান প্রকাশ নয়, আমাদের কনসার্টও করার কথা ছিল। কিন্তু শেষমেশ সেটা আর করা যায়নি।”
তবে কোক স্টুডিও সংশ্লিষ্টরা এটাও বলছেন, গান প্রকাশের বেলায় জুলাই-অগাস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশের সার্বিক পরিস্থিতিও বিবেচনা রাখা হয়েছে। অর্ণব বলেন, “ছাত্র আন্দোলনের সঙ্গে কোক স্টুডিও বাংলার গান প্রকাশ থেমে যাওয়ার কোনো সম্পর্ক নাই। তবে এটি ঠিক দেশের সার্বিক পরিস্থিতিকেই তারা মাথায় রেখেছেন।”
তবে গান প্রকাশ নিয়ে কোক এর ক্রিয়েটিভ সল্যুশন কোম্পানি ডটবার্থ এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ গাউসুল আলম শাওন বলেন, “নেতিবাচক প্রচারণার জন্যই বিরতি নেওয়া হয়েছে। তবে অবস্থা ভালো হলে দু-এক মাসের মধ্যেই নতুন করে ঘোষণা আসবে।”
কবে আসবে কোক স্টুডিও বাংলার নতুন গান?
কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুমের ভিজ্যুয়াল আউটপুট পরিচালনা করেছেন ডোপ প্রোডাকশন-এর কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় এবং রানআউট ফিল্মস-এর আদনান আল রাজীব। নতুন গান আসা প্রসঙ্গে রাজীব বলেন, “নতুন গান কবে নাগাদ প্রকাশ পাবে সে বিষয়ে আমি তেমন কিছু বলতে পারছি না। এসব নিয়ে পুরো সিদ্ধান্ত কোক ও সংশ্লিষ্ট এজেন্সি নিয়ে থাকে।”
তৃতীয় সিজনের গান মোটামুটি প্রস্তুত আছে বলে জানান তিনি। তবে অন্য একটি সূত্র থেকে জানা গেছে প্রস্তুত রাখা গানগুলোর মধ্যে খ্যাতিমান শিল্পী রুনা লায়লার গানও রয়েছে। আছে হাবিব ওয়াহিদের গানও।
নতুন গান নিয়ে বিবিসি বাংলাকে আশার কথা শুনিয়েছেন অর্ণব। বলেন, “খুব দ্রুত আমাদের আলোচনায় বসার কথা রয়েছে। তখনই সিদ্ধান্ত নেওয়া হবে কবে নাগাদ নতুন গান প্রকাশ করা যায়। এটা এই বছরের মাঝামাঝিও হতে পারে।”



