বলিউড, দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির পর এবার পশ্চিমা বিনোদন দুনিয়া মাতাবেন ভাইজান। সালমান খানের হলিউড ডেবিউয়ের কথা দিন দুয়েক আগেই প্রকাশ্যে এসেছে। এবার সেট থেকে ফাঁস হওয়া বলিউড সুপারস্টারের নতুন ভিডিওতে সরগরম নেটপাড়া। যা দেখে অনুরাগীরাই প্রশ্ন তুলেছেন, বলিউড ছেড়ে এবার হলিউডের পর্দায় গিয়ে কি-না শেষে অটোচালক অবতারে ধরা দিচ্ছেন সালমান খান।
সালমান খান বর্তমানে দুবাইয়ে হলিউড ছবির শুটিংয়ে ব্যস্ত। আর সেই ছবির সেট থেকেই ফাঁস হলো ভাইজানের একের পর এক “হলিউডি” লুক। নতুন ভিডিওতে বলিউড সুপারস্টারকে অটোচালকের পোশাকে দেখা গেল। পরনে তার খাকি রঙের শার্ট। রং মিলান্তি ট্রাউজার। ভেতরে সাদামাটা চেকশার্ট। আর ঘাড়ে রাখা অটোচালকদের মতো রুমাল। সেটে দাঁড়িয়ে অটো চালানোর প্রশিক্ষণ নিতে দেখা গেল সালমানকে। পাশেই দাঁড়ানো সঞ্জয় দত্তের পরনে স্যুট। তিনিও এই হলিউড ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।
এবার প্রশ্ন, কোন হলিউড ছবিতে দেখা যাবে সলমনকে? স্বাভাবিকভাবেই সেই কৌতূহল থাকবে দর্শক-অনুরাগীদের মধ্যে। জানা গেল, ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত আর্জেন্টিনার সিনেমা “সেভেন ডগস”-এর হলিউড রিমেক তৈরি হচ্ছে। যে ছবির পরিচালনা করেছিলেন রড্রিগো গুয়েরার। আর সেই থ্রিলারধর্মী সিনেমাতেই বিশেষ চরিত্রে থাকছেন বলিউড সুপারস্টার সালমান। দুবাইতে পুরোদমে চলছে শুটিং। সূত্রের খবর, সেখানে মুম্বইয়ের ধারাভি বসতির আদলে বিশাল সেট তৈরি হয়েছে। আর সেই হলিউড রিমেকেই দেখা যাবে ভাইজানকে। যদিও সলমনের চরিত্র নিয়ে এখনই মুখ খুলতে নারাজ নির্মাতারা, তবে জানা গিয়েছে, তাঁর চরিত্রে একটা চমক রয়েছে। এবার দেখার, ছবিতে কোন চরিত্রে চমক দিতে চলেছেন সুপারস্টার? এর আগে সেট থেকে ফাঁস হওয়া ছবিতে ভাইজানকে দেখা গিয়েছে, অফ হোয়াইট রঙের শার্ট পরনে। পকেটে হাত দিয়ে এক রেস্তরাঁয় দাঁড়িয়ে রয়েছেন তিনি।



