লড়াই করেও যেন পাইরেসি বন্ধ করা যাচ্ছে না। রবিবার রাতেই মুক্তি পেতে চলেছে সালমান খান অভিনীত সিনেমা “সিকান্দার।” ঈদের জন্য শুক্রবারের পরিবর্তে এই দিন নির্দিষ্ট করা হয়েছিল। কিন্তু মুক্তির মাত্র কয়েক ঘণ্টা আগেই বড় ধাক্কা সালমান খান এবং টিম সিকান্দারের জন্য। একাধিক অনলাইন প্ল্যাটফর্মে লিক হয়ে গিয়েছে সিনেমাটি। খবর ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের।
এই মেগা বাজেটের সিনেমা নিয়ে তুমুল উত্তেজনা ভক্তদের মধ্যে। অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রেও রীতিমতো নজির গড়েছিল সিনেমাটি। স্বাভাবিক ভাবেই ‘‘মেগা ওপেনিং’’-এর অপেক্ষায় রয়েছে বলিউড। কিন্তু তার আগেই সিনেমাটি অনলাইনে মুক্তি পেয়ে যাওয়ায় ব্যবসা ধাক্কা খাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
রবিবার বলিউডের সিনেমা ব্যবসা বিশেষজ্ঞ কোমল নাহটা সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘‘একটা সিনেমা মুক্তির আগেই ইন্টারনেটে ফাঁস করে দেওয়া হচ্ছে! একজন প্রযোজকের কাছে এটাই সবচেয়ে বড় দুঃস্বপ্ন। কিন্তু দুঃখজনক ভাবে গতকাল রাত্রে সাজিদ নাডিয়াডওয়ালার ‘‘সিকান্দার’’-এর সঙ্গে সেটাই হয়েছে।’’
কোমল আরও জানিয়েছেন, প্রযোজনা সংস্থার তরফে ইতোমধ্যেই ৬০০টি ওয়েবসাইট থেকে সিনেমাটিকে মুছে দেওয়া হয়েছে। কিন্তু তার কথায়, ‘‘যা ক্ষতি হওয়ার, তা হয়েই গিয়েছে।’’
তবে এ বিষয়ে এখন পর্যন্ত টিম সিকান্দারের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এর আগে একাধিক বলিউড সিনেমা এই ধরনের সমস্যার মুখে পড়েছিল।
দীর্ঘ বিরতির পর ‘‘গজিনি’’ খ্যাত এআর মুরুগাদোস পরিচালিক সিনেমায় বড় পর্দায় ফিরছেন বলিউডের ভাইজান। সিনেমা মুক্তির আগেই আত্মবিশ্বাসের সুর শোনা গিয়েছিল তার কণ্ঠে। সালমান জানিয়েছিলেন, সিনেমাটি ২০০ কোটির বেশি ব্যবসা করবে বলে তিনি আত্মবিশ্বাসী।
এই সিনেমাতে সালমানের বিপরীতে দেখা যাবে রাশমিকা মান্দানাকে। নিজের থেকে ৩১ বছরের ছোট নায়িকার সঙ্গে অনস্ক্রিন রোমান্স করা নিয়ে বিতর্কের মুখে পড়তে হয়েছিল সালমানকে।
সিনেমাটির পরিবেশনার দায়িত্বে থাকা শতদীপ সাহা হতাশার সুরে বলেন, ‘‘সকলে মিলে পাইরেসির বিরুদ্ধে লড়াই করা উচিত। যে কোনো বড় সিনেমা মুক্তির আগেই দিনের পর দিন এ রকম জঘন্য ঘটনা ঘটছে। আমরা তো সরকারকে কর দিই। তাদের তরফেই সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া উচিত।’’
পাইরেসির প্রভাব সম্পর্কে তিনি বলেন, “যারা প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে পছন্দ করেন, তারা টিকিট কেটেই সিনেমা দেখবেন। কিন্তু পাইরেসির জন্য সব জায়গায় একটু হলেও প্রভাব পড়বে।”



