Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মৃত্যুর গুজব প্রসঙ্গে পরীমণি: আমি সুইসাইড করার মতো মেয়ে নই

মধ্যরাতে পরীমণির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে ফেসবুক লাইভে আসেন তিনি

আপডেট : ২০ মে ২০২৫, ০৫:০২ পিএম

গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ঢাকাই সিনেমার নায়িকা পরীমণির মৃত্যুর গুজব। এরপরই রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে জানান দেন যে তিনি বেঁচে আছেন। এ সময় এ ধরনের গুজব নিয়ে নিজের বিরক্তি প্রকাশ করেন তিনি।

ফেসবুক লাইভে এসে চিত্রনায়িকা পরীমণি বলেন, ‘‘সারাদিন শুটিং করে ফোন হাতে নিয়ে তো আমি শকড। ফোনকলের চেয়ে বেশি মেসেজ। ধরেন, আপনার কোনো আত্মীয় মৃত্যুর খবর শুনলেন, আর আপনি সেই আত্মীয়কেই ফোন করে জিজ্ঞেস করলেন, আপনি কি বেঁচে আছেন? যেকোনোভাবে গুজবটা ছড়িয়েছে, আমার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। কতটা শকিং আমার জন্য!”

লাইভে পরীমণি আরও বলেন, ‘‘মৃত্যু তো আসলে আমার হাতে নেই। আপনি তো জানেন না, কখন চলে যাবেন। আল্লাহর কাছে স্বাভাবিক মৃত্যু চাই সবসময়। আমার যদি অস্বাভাবিক মৃত্যু হয়, তবে ধরে নিতে হবে কেউ আমাকে খুন করেছে।”

ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়টি গুজব জানিয়ে তিনি বলেন, ‘‘এই যে ঝুলন্ত মরদেহটা উদ্ধার করল আমার, তারপরও লাইভে এসে কথা বলছি আপনাদের সঙ্গে। কোনো একটা ফোকাস সরানোর জন্য মানুষ পরীমণিকেই বেছে নেয়। আলুর দাম কমাতে পারছে না বলে পরীমণির বিয়ের খবর করে দাও। এখন বিয়ে দিতে পারছে না বলে একদম মেরে ফেলল।’’

লাইভের শেষের দিকে এসে একপর্যায়ে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া প্রসঙ্গেও কথা বলেন তিনি। নুসরাত ফারিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া মানুষের প্রতিক্রিয়া থামাতেই এমন গুজব ছড়ানো হতে পারে বলে জানিয়ে তিনি বলেন, ‘‘এই মুহূর্তে দেশে যা হচ্ছে...তা সম্পর্কে আপনারা সবাই অবগত। আমাদের ইন্ডাস্ট্রির একজন স্বনামধন্য শিল্পীকে নিয়ে যা হচ্ছে, সেটা তো মোটেও কাম্য নয়। সেটা নিয়ে যখন এত কথা হচ্ছে, সেটা থামাতেই কি না...আমি জানি না।’’

লাইভের শেষদিকে এসে পরী বলেন, ‘‘আমি সুইসাইড করার মতো মেয়ে না। আমার জীবনে এখন সুইসাইড করার মতো কোনো ইস্যুই নাই। আমার দুইটা বাচ্চা নিয়ে, কাজ নিয়ে অনেক খুশি। এই খুশির মধ্যে আপনাদের জীবনযাপন ঢুকিয়ে দেবেন না। কিছু হইলে খালি পরীমণিকে নিয়ে টানাটানি কেন? আর কিছু খুঁজে পান না।’’

   

About

Popular Links

x