বেশ কয়েকবছর ধরেই নিয়মিত প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলিউড ভাইজান সালমান খান। লরেন্স বিষ্ণোইয়ের ধারাবাহিক হুমকি তার জীবনকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। এরপর থেকেই নিজের নিরাপত্তা নিয়েও সচেতন হওয়া শুরু করেন সালমান। সম্প্রতি তার সংগ্রহে যুক্ত হয়েছে নতুন এক বিলাসবহুল গাড়ি- মার্সিডিজ-বেঞ্জ মেবাখ জিএলএস৬০০-এর একটি বুলেটপ্রুফ সংস্করণ, যার দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি টাকা।
গাড়ির প্রতি সালমানের ঝোঁক নতুন নয়। তবে এবার এই মার্সিডিজ-বেঞ্জ মেবাখ কেনার পেছনে রয়েছে অন্য কারণ। ভারতীয় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের পক্ষ থেকে পাওয়া ধারাবাহিক প্রাণনাশের হুমকি তার জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এরপর থেকে নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন তিনি। আর এ কারণেই আগেও একটি বুলেটপ্রুফ গাড়ি কিনেছিলেন তিনি। এবার আরও উন্নত প্রযুক্তির নতুন বুলেটপ্রুফ গাড়িটি যুক্ত হলো তার সংগ্রহে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, মার্সিডিজ-বেঞ্জ মেবাখ সিরিজের এই মডেলটির সাধারণ সংস্করণের দাম ভারতীয় বাজারে প্রায় ৩ কোটি রুপি যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৩ কোটি টাকার বেশি। তবে বুলেটপ্রুফ সংস্করণে কাস্টমাইজ করে অতিরিক্ত প্রযুক্তি যুক্ত করায় এর দাম বেড়ে ৬ কোটি টাকা ছাড়িয়ে গেছে। শুধু নিরাপত্তাই নয়, বিলাসিতার প্রতিটি উপাদান এই গাড়িতে রয়েছে।
এই এসইউভিটি মাত্র ৫ সেকেন্ডের কম সময়ে ০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে পৌঁছাতে পারে। এতে রয়েছে রিয়ার এক্সিকিউটিভ সিটিং, উন্নতমানের চামড়া দিয়ে তৈরি অভ্যন্তরীণ সজ্জা, প্যানোরামিক সানরুফ, কমপ্যাক্ট রেফ্রিজারেটর, বার্মেস্টার প্রিমিয়াম সাউন্ড সিস্টেমসহ অত্যাধুনিক প্রযুক্তির সব সুবিধা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে সালমানকে দেখা গেছে এই গাড়ির সামনের আসনে বসে থাকতে। ভিডিও মন্তব্যর ঘরে অনেকে বলছেন, কালো রঙের গাড়িটি সালমানের ব্যক্তিত্বের সঙ্গে দারুণভাবে মানিয়েছে।
শুধু শখেই নয়, নিজের নিরাপত্তা নিশ্চিত করতেই এই দামী গাড়ি কিনেছেন তিনি।



সালমান খান ভুগছেন ‘সুইসাইড ডিজিজে’, রোগটি সম্পর্কে জেনে নিন