Thursday, June 25, 2026

সেকশন

English
Dhaka Tribune

২৭ জুন পৃথিবীর পাশ দিয়ে যাবে বিশাল গ্রহাণু, দেখতে পাবেন যারা

এই গ্রহাণুটি প্রতি সেকেন্ডে প্রায় ৯ কিলোমিটার বেগে চলবে

আপডেট : ২৫ জুন ২০২৬, ১১:২২ এএম

আগামী ২৭ জুন পৃথিবীর পাশ দিয়ে নিরাপদ দূরত্বে একটি বিশাল গ্রহাণু অতিক্রম করবে বলে জানিয়েছে ইউরোপীয় মহাকাশ সংস্থা। ছোট দূরবীক্ষণ যন্ত্র বা শক্তিশালী বাইনোকুলার ব্যবহার করে এটি দেখা যাবে।

শনিবার (২৭ জুন) গ্রিনিচ সময় ১১টা ১৪ মিনিটে গ্রহাণুটি পৃথিবীর প্রায় ২৫ লাখ ৬০ হাজার কিলোমিটারের মধ্যে দিয়ে অতিক্রম করবে। এ দূরত্ব পৃথিবী ও চাঁদের মধ্যকার দূরত্বের ছয় গুণেরও বেশি।

এএফপির এক প্রতিবেদনে জানা গেছে এ তথ্য।  

‘(১৫২৬৩৭) ১৯৯৭ এনসি১’ নামের এই গ্রহাণুটি প্রতি সেকেন্ডে প্রায় ৯ কিলোমিটার বেগে চলবে। তবে এটি পৃথিবীর জন্য কোনো হুমকি নয়, কারণ এর সঙ্গে সংঘর্ষের সম্ভাবনা নেই।

১৯৯৭ সালে আবিষ্কৃত গ্রহাণুটির প্রস্থ আনুমানিক ৭৫০ মিটার থেকে ১,৬৫০ মিটারের মধ্যে হতে পারে। সূর্যালোক প্রতিফলনের পরিমাণ বিশ্লেষণ করে এ হিসাব করা হয়েছে।

তবে অন্যান্য কিছু অনুমান অনুযায়ী এর আকার আরো ছোট হতে পারে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইউরোপীয় মহাকাশ সংস্থা।

ইএসএ’র প্ল্যানেটারি ডিফেন্স অফিসের কর্মকর্তা হুয়ান লুইস কানো জানান, সাধারণত কয়েক বছর পরপর একবার এতো বড় আকারের কোনো বস্তু পৃথিবীর এতো কাছে আসে। তবে এবার কাছাকাছি অবস্থানের সময় উজ্জ্বল চাঁদের আলো পর্যবেক্ষণে কিছুটা বাধা সৃষ্টি করতে পারে।

আকাশ পর্যবেক্ষকদের জন্য গ্রহাণুটি উত্তর গোলার্ধের বিভিন্ন অঞ্চল থেকে পৃথিবীর দিকে এগিয়ে আসার সময় দেখা যাবে। পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে এটি প্রায় বিশ্বের অধিকাংশ স্থান থেকেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে। পরে দূরে সরে যাওয়ার সময় এটি মূলত দক্ষিণ গোলার্ধ থেকে দেখা যাবে।

   

About

Popular Links

x