Thursday, June 25, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্বামীর দায়ের করা যৌতুক মামলায় গ্রেপ্তার স্ত্রী

বুধবার (২৪ জুন) রাতে সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়

আপডেট : ২৫ জুন ২০২৬, ১২:৫২ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় স্বামীর দায়ের করা যৌতুক নিরোধ আইনের মামলায় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (২৪ জুন) রাতে সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।

গ্রেপ্তার ওই নারী সিদ্ধিরগঞ্জের কদমতলী বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ওই নারীর বিরুদ্ধে যৌতুক দাবি ও সংশ্লিষ্ট অভিযোগ এনে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন তার স্বামী। মামলার কার্যক্রম চলাকালে আদালতে অভিযুক্তের উপস্থিতি নিশ্চিত না হওয়ায় তার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আদালতের ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতে বুধবার রাতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে কদমতলী এলাকার নিজ বাড়ি থেকে ওই নারীকে গ্রেপ্তার করে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ওই নারীর বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এর অংশ হিসেবে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে। আদালত পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ করবেন।

পুরুষ কর্তৃক যৌতুক মামলা প্রসঙ্গে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী ইয়াসিন হোসেন বলেছেন, যৌতুক নিরোধ আইন অনুযায়ী কোনো পক্ষের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে এবং আদালত প্রয়োজন মনে করলে নারী বা পুরুষ-উভয়ের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। ফলে মামলার অভিযোগ, সাক্ষ্য-প্রমাণ ও আদালতের নির্দেশনার ভিত্তিতেই পরবর্তী কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।

তিনি আরো বলেন, ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারা অনুযায়ী, বিয়ের সময়, আগে বা বৈবাহিক সম্পর্ক বিদ্যমান থাকাকালীন বিয়ের এক পক্ষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অন্যপক্ষের নিকট যৌতুক দাবি করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

 

   

About

Popular Links

x