Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

অ্যাকোয়ারিয়ামের যে মাছগুলোর আয়ু শুনলে আপনি অবাক হবেন

কিছু মাছ আছে যেগুলো কয়েক দশক এমনকি শতাব্দী পেরিয়েও বেঁচে থাকতে পারে

আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০৬:৫০ পিএম

অ্যাকোয়ারিয়ামে মাছ পোষা একটি জনপ্রিয় শখ এবং বিনোদন। অ্যাকোয়ারিয়ামে মাছ রাখার জন্য কিছু নিয়মকানুন এবং যত্ন নেওয়ার বিষয় রয়েছে। সঠিক যত্ন নিলে, অ্যাকোয়ারিয়ামের মাছগুলো সুস্থ ও সুন্দরভাবে বাঁচতে পারে এবং আপনার ঘরকে আকর্ষণীয় করে তুলতে পারে।

তবে জানেন কী, কিছু মাছ আছে যেগুলো কয়েক দশক এমনকি শতাব্দী পেরিয়েও বেঁচে থাকতে পারে। চলুন জেনে নেই এমন কিছু মাছের কথা যেগুলোর আয়ু শুনলে আপনি অবাক হবেন।

গোল্ডফিশ (১০-৪০ বছর)- সবচেয়ে প্রচলিত পোষা মাছগুলোর একটি। সঠিক খাবার, পর্যাপ্ত জায়গা ও পরিষ্কার পানি পেলে গোল্ডফিশ সহজেই ৩০-৪০ বছর পর্যন্ত বাঁচতে পারে। ইতিহাসে সবচেয়ে দীর্ঘজীবী গোল্ডফিশ বেঁচেছিল ৪৩ বছর!

হানাকো বা কই  (২৫-২০০ বছর)- এই মাছের গড় আয়ু ২৫-৪০ বছর হলেও জাপানের বিখ্যাত “হানাকো কই” মাছটি ২২৬ বছর বেঁচে ছিল বলে জানা যায়! বড় পুকুর, পরিষ্কার পানি ও পুষ্টিকর খাবারেই এর দীর্ঘ জীবন নিশ্চিত হয়।

জাপানের বিখ্যাত হানাকো কই মাছ/সংগৃহীত

স্টার্জন (৫০-১০০+ বছর)- এই মাছগুলো সাধারণত বড় ট্যাঙ্ক বা পুকুরে রাখা হয়। এদের মধ্যে বেলুগা স্টার্জন ১০০ বছরের বেশি বাঁচতে পারে। এরা অত্যন্ত শান্ত প্রকৃতির মাছ।

ক্লাউন লোচ (১৫-২৫ বছর)- রঙিন ও খেলাধুলাপ্রিয় এই মাছগুলো দলবদ্ধভাবে থাকতে ভালোবাসে। সঠিক যত্নে এরা দুই যুগ পর্যন্ত বাঁচে!

অ্যাঞ্জেল ফিশ (১০-১৫ বছর)- সৌন্দর্য ও শান্ত স্বভাবের জন্য জনপ্রিয়। বড় ট্যাঙ্ক, গাছপালা এবং পরিচ্ছন্ন পানিতে এরা দীর্ঘ জীবন পায়।

অস্কার ফিশ (১০-২০ বছর)- অস্কার ফিশ খুবই বুদ্ধিমান। মালিককে চিনতে পারে এবং খাওয়ার সময় হাত পা নাড়াচাড়া করে খুশি প্রকাশ করে। তবে বড় ট্যাঙ্ক প্রয়োজন।

প্লেকোস্টোমাস (১০-২০+ বছর)- অ্যাকোয়ারিয়ামের “পরিষ্কারক” হিসেবে পরিচিত এই মাছ আলগা শৈবাল খেয়ে পরিষ্কার রাখে। এদেরও বড় ট্যাঙ্ক প্রয়োজন।

ডিসকাস ফিশ (১০-১৫ বছর)- অ্যাকোয়ারিয়ামের রাজা বলা হয় এদের। পানির তাপমাত্রা ও মান নিয়মিত রাখলে এক যুগের বেশি বাঁচে।

আফ্রিকান সাইক্লিড (১০-১৫ বছর)- রঙিন, চঞ্চল ও ব্যক্তিত্বময় এই মাছগুলো অভিজ্ঞ মাছপ্রেমীদের জন্য। পরিচ্ছন্ন পানি ও সঠিক খাবারে দীর্ঘদিন বাঁচে।

বেটা ফিশ (৫-১০ বছর)- সাধারণত ২-৪ বছর বাঁচে। তবে ভাল যত্নে এবং বড় ট্যাঙ্কে এরা ১০ বছরও বাঁচতে পারে।

মাছ পোষার আগে জেনে নিন তাদের প্রয়োজনীয়তা ও আয়ু। ভালো খাবার, পরিষ্কার পানি, পর্যাপ্ত জায়গা ও ভালোবাসা- এগুলোই আপনার অ্যাকোয়ারিয়ামের প্রিয় মাছকে দীর্ঘ জীবন দেবে।

   

About

Popular Links

x