Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘১০০ কোটি ডলার চাই, সঙ্গে সবচেয়ে সুন্দরী পাত্রী’

তুরস্কের কাছে দাবি উগান্ডার ‘রাজপুত্র’ ও সেনাপ্রধান মুহুজি কাইনেরুগাবার

আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ পিএম

তুরস্কের কাছে দুইটি অদ্ভূত দাবি করে আবারও সংবাদ শিরোনাম হয়েছেন উগান্ডার সেনাপ্রধান মুহুজি কাইনেরুগাবা। তার প্রথম দাবি, ১০০ কোটি মার্কিন ডলার দিতে হবে। আর দ্বিতীয় দাবি, তুরস্কের সবচেয়ে সুন্দরী নারীকে তার হাতে তুলে দিতে হবে। তিনি বিয়ে করবেন। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

মুহুজি কাইনেরুগাবা আরও জানিয়েছেন, তুরস্ক যদি ৩০ দিনের মধ্যে ওই শর্ত পূরণ করতে ব্যর্থ হয়, তবে তাদের সঙ্গে সবরকম কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে।

শনিবার (১১ এপ্রিল) নিজের এক্স হ্যান্ডলে পর পর কয়েকটি পোস্ট করেন। তাতে এসব দাবি জানিয়েছেন তিনি। 

উগান্ডার সেনাপ্রধান মুহুজি কাইনেরুগাবা দেশটির প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভেনির পুত্র। 

পোস্টে কাইনেরুগাবা লেখেন, সোমালিয়ায় অবকাঠামো চুক্তি, সেখানকার বন্দর এবং বিমানবন্দর পরিচালনা থেকে লাভবান হচ্ছে তুরস্ক। অথচ উগান্ডা প্রায় দু’দশক ধরে আফ্রিকান ইউনিয়ন মিশনের মাধ্যমে আল-কায়েদা এবং ইসলামপন্থী সন্ত্রাসী গোষ্ঠী আল শাবাবের জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে গুরুদায়িত্ব পালন করছে। সে কারণে তুরস্কের কাছে “নিরাপত্তা লাভ্যংশ” দাবি করছি।

তিনি আর লেখেন, “তুরস্ক থেকে ১০০ কোটি মার্কিন ডলার পাওয়ার পাশাপাশি আমি সে দেশের সবচেয়ে সুন্দরী নারীকে স্ত্রী হিসেবে চাই।’’

এর পরেই সতর্কবার্তা দেন, এই শর্ত পালন করতে ব্যর্থ হলে কাম্পালা তাদের আকাশসীমায় তুরস্কের উড়োজাহাজ ঢুকতে দেবে না। একইসঙ্গে আঙ্কারার সঙ্গে সব রকম কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে। 

কাইনেরুগাবা বলেন, “তুরস্কের জন্য বিষয়টা খুব সহজ। হয় তারা আমাদের অর্থ পরিশোধ করুক, নয়তো আমি তাদের দূতাবাস বন্ধ করে দেব। এর জবাবে ওরা যদি উগান্ডার দূতাবাস বন্ধ করে দেয়, তাতে কোনো সমস্যা নেই।” 

প্রসঙ্গত, কাইনেরুগাবার এ ধরনের মন্তব্য নতুন নয়। ২০২২ সালের অক্টোবরে তিনি ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে বিয়ের প্রস্তাব দেন। সেসময় তিনি জানান, যদি মেলোনি তাকে বিয়ে করতে রাজি হন, তবে ১০০টি গরু দেবেন। পরে অবশ্য পুত্রের এ ধরনের মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হয় দেশটির প্রেসিডেন্ট মুসেভেনিকে।

   

About

Popular Links

x