হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আঞ্চলিক উত্তেজনা প্রশমনে প্যারিসে একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক বৈঠক শুরু হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) ফ্রান্স ও যুক্তরাজ্যের যৌথ আয়োজনে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশ্বের ৩০ থেকে ৪০টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। নিরাপত্তার স্বার্থে অধিকাংশ দেশের প্রতিনিধি ভিডিও লিঙ্কের মাধ্যমে এই আলোচনায় যোগ দেন।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং একটি সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণ করাই এই বৈঠকের মূল উদ্দেশ্য। মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার ফলে বিশ্ব বাণিজ্যে যে অচলাবস্থা তৈরি হয়েছে, তা দূর করতেই এই কূটনৈতিক পদক্ষেপ।
ফরাসি কর্মকর্তাদের মতে, প্রস্তাবিত এই মিশনটির পরিধি হবে সীমিত এবং এটি শুধুমাত্র নৌ-নিরাপত্তার ওপর গুরুত্ব দেবে। পরিস্থিতির আরও অবনতি এড়াতে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ জোর দিয়ে বলেন যে, এই উদ্যোগটি হবে ‘পুরোপুরি প্রতিরক্ষামূলক’ এবং এতে যুদ্ধংদেহী মনোভাবহীন দেশগুলো অংশ নেবে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই সংকটের ফলে উদ্ভূত বৈশ্বিক অর্থনৈতিক ও নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় হরমুজ প্রণালিতে দ্রুত স্বাভাবিক নৌ-চলাচল পুনরুদ্ধারের তাগিদ দেন। লন্ডন ও প্যারিস উভয় পক্ষই স্পষ্ট করেছে যে, এই উদ্যোগটি কোনো সামরিক সংঘাতের অংশ নয় এবং জাহাজ চলাচলের ওপর কোনো অবরোধ আরোপের পরিকল্পনা তাদের নেই।



