বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি নিয়ে নতুন এবং কঠোর নিয়ম জারির ঘোষণা দিয়েছে ইরান।
শনিবার (১৮ এপ্রিল) আল-জাজিরার একটি প্রতিবেদনে জানানো হয়, ইরানের ন্যাশনাল সিকিউরিটি কমিটির প্রধান ইব্রাহিম আজিজি এই প্রণালি ব্যবহারের ক্ষেত্রে দেশটির বর্তমান অবস্থান ও নতুন শর্তাবলি স্পষ্ট করেছেন।
ইব্রাহিম আজিজি এক বিবৃতিতে বলেন, “হরমুজ প্রণালির জন্য এখন একটি নতুন সমুদ্র শাসনব্যবস্থা মেনে চলার সময় এসেছে।”
তার দেওয়া ঘোষণা অনুযায়ী, এখন থেকে কেবল সেইসব বাণিজ্যিক জাহাজ এই প্রণালি দিয়ে যাতায়াত করতে পারবে যারা, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ-শাখা থেকে আগাম অনুমতি গ্রহণ করবে। এছাড়াও তারা নির্ধারিত রুট বা পথ ব্যবহার করবে এবং নির্ধারিত ট্রানজিট চার্জ বা টোল পরিশোধ করবে।”
তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, “যদি আমেরিকা ইরানের জাহাজ চলাচলে কোনো ধরনের বিঘ্ন ঘটানোর চেষ্টা করে, তবে বর্তমান এই পরিস্থিতি সহজেই বদলে যেতে পারে।”
ইরানের সামরিক সদরদপ্তর “খাতাম আল-আনবিয়া” এক পৃথক বার্তায় জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানি জাহাজ চলাচলের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা ও বাধা তুলে না নিচ্ছে, ততক্ষণ হরমুজ প্রণালির এই কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা অপরিবর্তিত থাকবে।



