রাশিয়া বিশ্বের সবচেয়ে বিধ্বংসী ও শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) ‘সারমাত’র সফল পরীক্ষা সম্পন্ন করেছে। ৩৫ হাজার কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি বহন করবে পরমাণু অস্ত্রও, এমন দাবি ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়ার।
মঙ্গলবার (১২ মে) দূরপাল্লার এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয় বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে রয়টার্স।
এ বছরের শেষদিকে, যুদ্ধক্ষেত্রেও দেখা যাবে সারমাতকে বলে ওই প্রতিবেদনটিতে জানিয়েছে রয়টার্স।
বর্তমানে যুক্তরাষ্ট্র, চীন ও উত্তর কোরিয়ার মতো শক্তিশালী দেশগুলোর কাছে প্রায় ১২ হাজার কিলোমিটার পাল্লার আইসিবিএম প্রযুক্তি রয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে, রাশিয়ার দাবি সত্য হলে সারমাতের এই পরীক্ষা আন্তর্জাতিক সামরিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন ও নতুন উত্তজনা তৈরি করতে পারে।
রয়টার্স বলছে, রাশিয়ার এই পদক্ষেপকে কঠোর সতর্কবার্তা হিসেবে দেখছে পশ্চিমা দেশগুলো।



