Friday, July 31, 2026

সেকশন

English
Dhaka Tribune

পাকিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে ৩৪ শ্রমিকের প্রাণহানি

নিখোঁজ শ্রমিকদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে দেশটির প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ১২:৫৯ পিএম

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের একটি কয়লাখনিতে বিস্ফোরণে অন্তত ৩৪ জন খনিশ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এ তথ্য জানিয়েছে। সংস্থাটি আরও জানায়, নিখোঁজ শ্রমিকদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

দক্ষিণ বেলুচিস্তানের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ঘটনাস্থলে মোতায়েন দলগুলোর কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ৩৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

গত বৃহস্পতিবার বেলুচিস্তানের রাজধানী কোয়েটার উপকণ্ঠে এ দুর্ঘটনা ঘটে।

পাকিস্তান সরকারের খনি পরিদর্শক ঘানি বালুচ জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, খনির ভেতরে মিথেন গ্যাস জমে বিস্ফোরণ হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের জীবিত উদ্ধারের সম্ভাবনা কম বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘানি বালুচ বলেন, “আটকে পড়া সবাইকে শনাক্ত না করা পর্যন্ত উদ্ধার অভিযান চলবে। তবে মিথেন গ্যাসের বিস্ফোরণের পর খনির ভেতরে অক্সিজেনের মাত্রা দ্রুত কমে যাওয়ায় জীবিত কাউকে পাওয়ার সম্ভাবনা খুবই কম। এ কারণে উদ্ধারকারীদেরও অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করতে হচ্ছে।”

সংবাদমাধ্যম দ্য ইনডিপেন্ডেট এর প্রতিবেদনের বরাতে জানা গেছে, বেলুচিস্তানের খনি ও খনিজসম্পদবিষয়ক মন্ত্রী শোয়েব নশেরওয়ানি উদ্ধারকাজে প্রাদেশিক সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

তিনি নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নিহত প্রত্যেক খনিশ্রমিকের পরিবারকে পাঁচ লাখ পাকিস্তানি রুপি (প্রায় ১,৮০০ মার্কিন ডলার) ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত এবং খনির নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনারও নির্দেশ দেওয়া হয়েছে।

পাকিস্তান সেন্ট্রাল মাইনস লেবার ফেডারেশনের অভিযোগ, নিরাপত্তায় অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। সংগঠনটি দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, খনির নিরাপত্তাবিধি কঠোরভাবে বাস্তবায়ন এবং নিরাপত্তা আইন লঙ্ঘনকারী কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

   

About

Popular Links

x