Wednesday, August 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ট্রাম্পের গলফ কোর্সের কাছে সশস্ত্র সন্দেহভাজন আটক

এসময় তার কাছ থেকে অস্ত্র ও নিষিদ্ধ গোলাবারুদ উদ্ধার করেছে তারা

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ১০:৪৮ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন একটি গলফ কোর্সের ভেতরে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় এক ব্যক্তিকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

এসময় তার কাছ থেকে অস্ত্র ও নিষিদ্ধ গোলাবারুদ উদ্ধার করেছে তারা।

বিবিসি এক প্রতিবেদনে বলছে, গত রবিবার বিকেলে র‍্যাঞ্চো পালোস ভার্দেসে অবস্থিত ট্রাম্প ন্যাশনাল গলফ কোর্স থেকে আটক করা হয় ৩৮ বছর বয়সী জিনিন জন তায়েল নামে ওই ব্যক্তিকে।

মঙ্গলবার (৫ আগস্ট) ট্রাম্পের ওই স্থানে যাওয়ার কথা বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

এ সময় তার কাছ থেকে ১৬ রাউন্ড ধারণক্ষমতার একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়, যাতে হলো-পয়েন্ট গুলি ছিল। পরে গলফ কোর্সের একটি পার্কিংয়ে রাখা তার গাড়ি তল্লাশি করে একটি গুলিভর্তি পিস্তল এবং আরও একটি ম্যাগাজিন জব্দ করা হয়।
হলো-পয়েন্ট গুলি আঘাতের পর প্রসারিত হয়ে শরীরের ভেতরে ব্যাপক ক্ষতি করতে পারে। এ ধরনের ১০ রাউন্ডের বেশি ধারণক্ষমতার ম্যাগাজিন ক্যালিফোর্নিয়ার আইনে নিষিদ্ধ।

এরপর এফবিআইয়ের জয়েন্ট টেররিজম টাস্ক ফোর্স এবং লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফস ডিপার্টমেন্টের মেজর ক্রাইমস ব্যুরোর সদস্যরা ডাউনি শহরে তায়েলের বাসায় অভিযান চালান। সম্ভাব্য জননিরাপত্তা ঝুঁকির বিষয়টি মাথায় রেখেই এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাসা তল্লাশি করে একটি অবৈধভাবে পরিবর্তিত এআর-ধাঁচের রাইফেল, একটি .৪৫ ক্যালিবার পিস্তল, বডি আর্মার, উচ্চ ধারণক্ষমতার একাধিক ম্যাগাজিন, বিপুল পরিমাণ পিস্তল ও রাইফেলের গুলি এবং উদ্বেগজনক মন্তব্য লেখা কয়েকটি নোটবুক উদ্ধার করা হয়।

   

About

Popular Links

x