Tuesday, August 25, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ২২ বছর পর প্রতিশোধ, রোমে তিন খুনের অভিযোগ বাংলাদেশির বিরুদ্ধে

প্রত্যাখ্যান মেনে নিতে না পেরে শাহাদাত দীর্ঘ দুই দশক ধরে প্রতিশোধের সুযোগ খুঁজতে থাকেন

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ১২:১৬ এএম

দুই দশকেরও বেশি সময় আগে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার প্রতিশোধ নিতে অবৈধভাবে ইতালি পাড়ি জমান নোয়াখালীর কোম্পানীগঞ্জের শাহাদাত হোসেন। অভিযোগ, গত ২৬ জুন রাতে ইতালির রাজধানী রোমে কৌশলে সাবেক প্রেমিকা, তার স্বামী ও তাদের এক শিশুকন্যাকে নৃশংসভাবে হত্যা করেছেন তিনি।

ইতালীয় পুলিশ, স্থানীয় সংবাদমাধ্যম ও পরিবারের সূত্রে জানা যায়, শাহাদাত হোসেনের সঙ্গে আরজু আক্তারের একসময় প্রেমের সম্পর্ক ছিল। তবে আরজুর পরিবার তার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে ইতালিপ্রবাসী কামাল উদ্দিন বাবুলের সঙ্গে বিয়ে দেয়। বিয়ের পর কামাল ও আরজু দম্পতি ইতালিতে স্থায়ী হয়ে তিন সন্তানের জন্ম দেন। কিন্তু প্রত্যাখ্যান মেনে নিতে না পেরে শাহাদাত দীর্ঘ দুই দশক ধরে তাদের খোঁজ রেখে প্রতিশোধের সুযোগ খুঁজতে থাকেন।

২০২৩ সালে প্রথমে ইংল্যান্ডে যান শাহাদাত, এরপর সম্প্রতি অবৈধভাবে রোমে পৌঁছান। সেখানে নিজেকে "দূর সম্পর্কের আত্মীয়" পরিচয় দিয়ে কৌশলে আরজুর পরিবারের বিশ্বাস অর্জন করেন, যার সুবাদে আরজু তাকে নিজের বাসায় প্রবেশের সুযোগ দেন।

অভিযোগ অনুযায়ী, ২৬ জুন রাতে বাসায় আরজু ও তার পাঁচ বছরের মেয়েকে একা পেয়ে প্রথমে আরজুকে ছুরিকাঘাত করেন শাহাদাত, পরে চিৎকারের কারণে শিশুটিকেও হত্যা করেন। এরপর তিনি পালিয়ে না গিয়ে রক্ত পরিষ্কার করে মরদেহ লুকিয়ে রেখে পরিবারের বাকি সদস্যদের জন্য অপেক্ষা করতে থাকেন। কাজ থেকে ফেরার পর আরজুর স্বামী বাবুলকেও ছুরিকাঘাতে হত্যা করেন তিনি।

সবশেষে বাসায় ফেরেন বড় ছেলে আয়ান (২০)। শাহাদাতকে স্বাভাবিকভাবে বসে থাকতে দেখে প্রথমে সন্দেহ করেননি তিনি, কারণ শাহাদাত জানান তার মা-বাবা ঘুমাচ্ছেন। তবে ঘরের দিকে যাওয়ার সময় খাটের নিচ থেকে ছোট বোনের পা দেখে পরিস্থিতি বুঝতে পারেন আয়ান। ঠিক তখনই ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালান শাহাদাত। প্রাণে বাঁচতে রক্তাক্ত অবস্থায় ঘর থেকে বেরিয়ে চিৎকার করে প্রতিবেশীদের ডাকেন আয়ান, আর তার চিৎকারেই ভয় পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান শাহাদাত।

হত্যাকাণ্ডের পর থেকে লাপাত্তা রয়েছেন শাহাদাত হোসেন। ইতালীয় সংবাদমাধ্যম "ইল মেসাজ্জেরো"র প্রতিবেদন অনুযায়ী, তিনি ইংল্যান্ডে নিজের স্ত্রী-সন্তানের কাছে অথবা বাংলাদেশে পালানোর চেষ্টা করছেন, অথবা ইতিমধ্যে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ জানিয়েছেন, রোমের এই ঘটনায় ইতালি পুলিশ তদন্তে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে এবং এ ঘটনা বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে।

এদিকে ইতালীয় সংবাদমাধ্যম "ফ্যানপোস্ট" এর প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তকারীরা শাহাদাতের আত্মহত্যার সম্ভাবনাও খতিয়ে দেখছেন। কারণ হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা আগে ফেসবুকে একটি পুরোনো বাংলা গান শেয়ার করে রহস্যময় একটি স্ট্যাটাস দেন তিনি, যেখানে প্রিয়জনদের নিয়ে একসঙ্গে মৃত্যুর ইঙ্গিতপূর্ণ কথা লেখেন।

   

About

Popular Links

x