Monday, August 31, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ বলে মন্তব্য করা মন্ত্রীর পদত্যাগের দাবি বিজেপির

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০৪:১৬ পিএম

দুর্নীতির অভিযোগে কর্ণাটকের এক মন্ত্রী পদত্যাগ করার মাত্র দুই দিন পরই বিরোধী দল বিজেপি মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের মন্ত্রিসভা থেকে আরও একজনের পদত্যাগ দাবি করেছে। দলটি মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে, উচ্চশিক্ষামন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডি ইসলাম ধর্মকে ‘অন্য ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলে মন্তব্য করায় হিন্দু সম্প্রদায়ের কাছে ক্ষমা চান, অন্যথায় পদত্যাগ করুন। 

রবিবার (৩০ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, কর্ণাটকের কোপ্পাল জেলার কুকনুর শহরে বক্তব্য দেওয়ার সময় রায়ারেড্ডি ইসলামকে মহান ও অত্যন্ত মানবিক ধর্ম হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, ইসলাম বিজ্ঞানভিত্তিক এবং মানুষকে কীভাবে জীবনযাপন করতে হয়, তা শেখায়।

তবে এরপর তিনি যে মন্তব্য করেন, তা নিয়ে বিজেপির তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। মন্ত্রী বলেন, "যারা ইসলাম সম্পর্কে কিছুই জানেন না, তারা এটি নিয়ে ভুল ধারণা করেন এবং ভুল মতামত তৈরি করেন। আমি বলতে চাই, ইসলাম অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ, কারণ এটি মানবতা দিয়ে শুরু হয়েছে।"

তিনি আরও বলেন, "দেখুন, কোরআনের বিষয়ে বলছি, আব্রাহামিক (ইহুদি, খ্রিস্টান ও ইসলাম) ধর্মগুলো নিয়ে আমি ব্যাপকভাবে পড়াশোনা করিনি। আর আমি নিয়মিত মন্দির বা মঠে যাই না। তবে আমি ধর্ম এবং বিভিন্ন ইতিহাস নিয়ে পড়াশোনা করি। এ কারণেই আমি আব্রাহামিক ধর্মগুলোর দিকে তাকাই।"

রায়ারেড্ডির এই মন্তব্যের পর কর্ণাটক বিজেপির সভাপতি আর অশোক মুখ্যমন্ত্রীর কাছে এর ব্যাখ্যা দাবি করেন এবং বলেন, মন্ত্রীর এ মন্তব্য হিন্দুধর্মকে হেয় করেছে। একই সঙ্গে ডি কে শিবকুমারের নিয়মিত মন্দিরে যাওয়ার বিষয়টিও তুলে ধরেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অশোক লেখেন, "ডি কে শিবকুমার, আপনাদের কংগ্রেস সরকারের এই হিন্দুবিরোধী মানসিকতার কি কোনো শেষ নেই? আপনি ভোরবেলা মন্দিরে যাওয়ার নাটক করেন, ক্যামেরার সামনে ভক্তি প্রদর্শন করেন। কিন্তু আপনার নিজের মন্ত্রিসভার একজন মন্ত্রী যখন সনাতন হিন্দু ধর্ম ও মন্দির সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন, তখন আপনি কেন নীরব থাকেন?"

তিনি স্পষ্ট জানান, বাসবরাজ রায়ারেড্ডি ক্ষমা না চাইলে তাকে পদত্যাগ করতে হবে। এর আগে দুর্নীতির অভিযোগে বিজেপির লাগাতার আক্রমণের মুখে মন্ত্রী বি নাগেন্দ্র দুই বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো পদত্যাগ করেন, যার মাত্র দুই দিন পরই রায়ারেড্ডিকে নিয়ে নতুন এই বিতর্ক শুরু হলো।

বিজেপির মুখপাত্র অশোক গৌড়া অভিযোগ করেন, মন্ত্রী এবং কংগ্রেস সরকার ‘ভোটারদের তুষ্ট করার’ চেষ্টা করছে। তিনি বলেন, "বাসবরাজ রায়ারেড্ডি তার ভোটারদের তুষ্ট করতে গিয়ে মনে হচ্ছে সপ্তম শতাব্দীতেই আটকে আছেন। আমি সবাইকে অনুরোধ করব, বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থ পড়ুন, তারপর সিদ্ধান্তে আসুন। আপনি কোনো বিশেষজ্ঞ নন, দয়া করে এটি মনে রাখবেন।"

উল্লেখ্য, বাসবরাজ রায়ারেড্ডি এর আগে সাবেক মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার অর্থ উপদেষ্টা ছিলেন। চলতি মাসের শুরুতে ডি কে শিবকুমারের মন্ত্রিসভা সম্প্রসারণের সময় তিনি মন্ত্রী হন।

   

About

Popular Links

x