ইয়েমেনের কৌশলগত বন্দরনগরী মোখার নিয়ন্ত্রণ নেওয়ার পর লোহিত সাগরের উপকূল ধরে গুরুত্বপূর্ণ দ্বীপ ও বাব আল-মানদেব প্রণালির দিকে দ্রুত অগ্রসর হচ্ছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সামরিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মোখা দখলের মধ্য দিয়ে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ অংশে হুতিদের নিয়ন্ত্রণ আরও বিস্তৃত হয়েছে। এর ফলে বিশ্ব বাণিজ্য ও জ্বালানি পরিবহনের অন্যতম প্রধান নৌপথ বাব আল-মানদেব প্রণালির ওপর তাদের প্রভাব আরও শক্তিশালী হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
হুতিরা এরই মধ্যে লোহিত সাগরের কৌশলগত হানিশ দ্বীপপুঞ্জে অবস্থান নিয়েছে। উপকূল ও গুরুত্বপূর্ণ দ্বীপগুলোর ওপর নিয়ন্ত্রণ আরও বাড়াতে পারলে বাব আল-মানদেব দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক জাহাজের ওপর তাদের প্রভাব উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। এতে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে নতুন সংকট তৈরির আশঙ্কাও দেখা দিয়েছে।
হরমুজ প্রণালি অবরুদ্ধ থাকায় বিশ্বের অন্যতম বড় তেল রপ্তানিকারক সৌদি আরব বিকল্প হিসেবে লোহিত সাগরের নৌপথ ব্যবহার করে আসছিল। কিন্তু হুতিদের সাম্প্রতিক অগ্রযাত্রায় সেই পথও ঝুঁকির মুখে পড়েছে।
হুতি পরিচালিত মানবিক কার্যক্রম সমন্বয় কেন্দ্র এক বিবৃতিতে জানিয়েছে, সৌদি আরবের জাহাজ ছাড়া অন্য দেশের বাণিজ্যিক জাহাজের জন্য লোহিত সাগরে চলাচল নিরাপদ। তবে তাদের এই ঘোষণার মধ্যেও আন্তর্জাতিক নৌ চলাচল নিয়ে উদ্বেগ কমছে না।
হুতিদের ঠেকাতে ইয়েমেনের সরকারি বাহিনী ও তাদের মিত্ররাও লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে বাব আল-মানদেবের বিপরীত পাশে ধুবাব ও পেরিম দ্বীপ এলাকায় অবস্থান জোরদার করছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ইয়েমেন বিষয়ক বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গ সতর্ক করে বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। তার ভাষায়, ইয়েমেনের যুদ্ধ এখন নতুন ও আরও বিপজ্জনক ধাপে প্রবেশ করেছে।
মোখা শহরের নিয়ন্ত্রণ হুতিদের হাতে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রণালির প্রবেশদ্বারে তাদের সরাসরি উপস্থিতি তৈরি হয়েছে বলেও সতর্ক করেন তিনি। এতে আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতা বড় ধরনের হুমকির মুখে পড়তে পারে।
লোহিত সাগর ও বাব আল-মানদেব ঘিরে নতুন করে উত্তেজনার প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও। সংঘাতের খবর ছড়িয়ে পড়ার পর অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ৪ শতাংশ বেড়ে ১০৫ ডলারের ওপরে উঠেছে। যুক্তরাষ্ট্রে ডিজেলের দামও ইতিহাসে প্রথমবারের মতো গ্যালনপ্রতি ৬ ডলারে পৌঁছেছে।
এদিকে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খামিস মুশাইত শহরে গত ২৪ ঘণ্টায় চারবার জরুরি সতর্কতা জারি করেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।
পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ঠেকাতে পাকিস্তান ইরানের কাছে সৌদি আরবের একটি কড়া সতর্কবার্তা পৌঁছে দিয়েছে বলেও জানা গেছে।
কয়েক সপ্তাহ ধরে ওয়াশিংটন হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ নিরাপদে পার করে দেওয়ার ক্ষেত্রে সাফল্যের দাবি করে আসছিল। তবে চলতি মাসে নতুন করে সংঘাত শুরু হওয়ায় সেই কার্যক্রমে ছন্দপতন ঘটেছে।
গত বুধবার মাত্র সাতটি পণ্যবাহী জাহাজ হরমুজ প্রণালি পার হতে পেরেছে, যা স্বাভাবিক সময়ের তুলনায় অর্ধেকেরও কম।
একই দিনে ইরানি সংবাদমাধ্যমের দাবি, হরমুজ প্রণালির প্রবেশদ্বারে আইআরজিসির নৌবাহিনী একটি মার্কিন চালকবিহীন নৌযানে হামলা চালিয়েছে।
ইয়েমেনের উপকূল, বাব আল-মানদেব ও হরমুজ, মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ নৌপথগুলো ঘিরে একসঙ্গে উত্তেজনা বাড়তে থাকায় বিশ্ব বাণিজ্য ও জ্বালানি সরবরাহের ওপর নতুন করে বড় ধরনের চাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।



