Thursday, October 08, 2026

সেকশন

English
Dhaka Tribune

অভিনেতা থেকে এবার উপদেষ্টা হলেন মিঠুন চক্রবর্তী

বুধবার রাজ্য সচিবালয় নবান্ন থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পিএম

পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতিবিষয়ক দপ্তরের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীকে।

বুধবার (৭ অক্টোবর) রাজ্য সচিবালয় নবান্ন থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। এই পদ একজন ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদার সমান।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।    

এ নিয়োগ এমন এক সময়ে দেওয়া হয়েছে, যখন বিজেপি সরকার বাংলার সাংস্কৃতিক পরিমণ্ডল তথা চলচ্চিত্রক্ষেত্রে তাদের অবস্থান আরও জোরদার করতে চাইছে।

কিংবদন্তি বাঙালি অভিনেতা উত্তমকুমারের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে মিঠুন চক্রবর্তীকে এই যথাযোগ্য মর্যাদা দেওয়ার কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী।  

শিগগিরই নতুন পদে মিঠুন দায়িত্ব নেবেন বলে জানা গেছে। বর্তমানে একটি শুটিংয়ের জন্য আলিপুরদুয়ারে রয়েছেন তিনি। সেখান থেকেই নতুন এই দায়িত্ব দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ভারতীয় চলচ্চিত্রের অন্যতম পরিচিত মুখ মিঠুন চক্রবর্তী বিজেপির একজন সক্রিয় প্রচারক এবং পশ্চিমবঙ্গের একজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব। ২০২১ সালের ৭ মার্চ কলকাতার একটি সমাবেশে বিজেপিতে যোগ দেন তিনি। ওই সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য দেওয়ার প্রায় এক ঘণ্টা আগে তিনি দলটিতে যোগ দেন।

মিঠুনের বিজেপিতে যোগদানের পর ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তাকে দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হতে পারে - এমন জল্পনা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত তিনি দলের তারকা প্রচারক হিসেবে নির্বাচনী প্রচারে অংশ নেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচন এবং চলতি বছরের এপ্রিলের রাজ্য নির্বাচনেও বিজেপির হয়ে প্রচার করেন তিনি। 

   

About

Popular Links

x