জার্মানির কোলোন শহরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে রোবট দিয়ে যৌন হয়রানির অভিযোগে দুইজনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত ১৬ বছর বয়সী এক কিশোরের মালিকানাধীন লাল ও সোনালি রঙের রোবটটি জব্দ করা হয়েছে। বিবিসির একটি প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়।
শনিবার (১৭ অক্টোবর) স্থানীয় সময় রাত প্রায় ১২টার দিকে শহরের কেন্দ্রের কাছে একটি ফাস্টফুডের দোকানের সামনে বন্ধুদের সঙ্গে অবস্থান করছিল ওই কিশোরী। এ সময় প্রায় ১২০ সেন্টিমিটার (৩.৯ ফুট) উচ্চতার রোবটটি পেছন থেকে তার কাছে যায়। অভিযোগ, রোবটটি কিশোরীর নিতম্বে হাত দেয় এবং তার শরীরের সঙ্গে ধাক্কা দিয়ে যৌন ইঙ্গিতপূর্ণ নড়াচড়া করে। এতে কিশোরী চিৎকার করে সরে যায়।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়, রোবটটির ১৬ বছর বয়সী মালিক ও তার ১৯ বছর বয়সী এক সঙ্গী ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করছিলেন বলে ধারণা করা হচ্ছে। তারা এ নিয়ে মন্তব্যও করছিলেন বলে অভিযোগ রয়েছে।
জরুরি সেবায় খবর দেওয়া হলে অল্প সময়ের মধ্যে ঘটনাস্থল থেকে এক ব্লক দূরে ওই কিশোর ও তার সঙ্গীকে খুঁজে পায় পুলিশ। পুলিশের ভাষ্য অনুযায়ী, কিশোরটি রোবটটি একটি গাড়ির পেছনে রেখেছিল। সেখান থেকে রোবটটি উদ্ধার করা হয়।
পুলিশ প্রকাশিত একটি ছবিতে রোবটটিকে কালো গোঁফ, সোনালি রঙের চেইন ও সাদা ভেস্ট পরা অবস্থায় দেখা যায়। রোবটটির পাশাপাশি অভিযুক্ত দুজনের ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করেছে পুলিশ।
ঘটনার সময় কেউ ইচ্ছাকৃতভাবে রোবটটির গতিবিধি নিয়ন্ত্রণ করছিলেন কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি নিয়ে করা কিছু মন্তব্যের বিষয়ে সতর্ক করেছে পুলিশ। ফেসবুকে দেওয়া পরবর্তী এক পোস্টে পুলিশ জানায়, এ ধরনের কিছু মন্তব্য "সীমা অতিক্রম করতে পারে এবং সবচেয়ে খারাপ ক্ষেত্রে তা অপরাধ হিসেবেও গণ্য হতে পারে"।



