দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে একটি বাস খাদে পড়ে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার বছর বয়সী একটি মেয়ে শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) ওই প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সরকার জানিয়েছে, গত বুধবার বিকেলে পেরুর উত্তরাঞ্চলে একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে রাস্তা থেকে ১০০ মিটার (৩২৮ ফুট) গভীর খাদে পড়ে যায়। প্রত্যন্ত ও দুর্গম এলাকা হওয়ায় দুর্ঘটনাকবলিত বাসটির অবস্থান জানতে এবং সেখানে পৌঁছাতে উদ্ধারকর্মীদের বেশ কয়েক ঘণ্টা লেগে যায়।
দুর্ঘটনাকবলিত ওই বাসটি তায়াবামবা থেকে ত্রুজিল্লো এলাকায় যাচ্ছিল। খারাপ রাস্তার কারণে ৩৪০ কিলোমিটার (২১১ মাইল) দীর্ঘ এই পথ পাড়ি দিতে সাধারণত ১৪ ঘণ্টা সময় লাগে।
এছাড়া উচ্চগতি এবং খারাপ সড়ক ব্যবস্থাপনার কারণে পেরুতে সড়ক দুর্ঘটনা খুবই সাধারণ ব্যাপার। এর আগে গত নভেম্বরে পৃথক একটি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছিলেন।



