Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাশিয়ায় পণ্য বিক্রি ও সেবা বন্ধ করলো মাইক্রোসফট

মাইক্রোসফটের প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ এক বিবৃতিতে জানিয়েছেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মাইক্রোসফট রাশিয়ার অবস্থানের বিরুদ্ধে কাজ করেছে

আপডেট : ০৬ মার্চ ২০২২, ০১:২২ পিএম

ইউক্রেনে সামরিক অভিযানের শুরু থেকে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান রাশিয়ায় নিজেদের কার্যক্রম স্থগিত করে চলছে। এবার সে তালিকায় যুক্ত হলো যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট।

কোম্পানিটি জানিয়েছে, রাশিয়ার বিরুদ্ধে তাদের সরকারের আরোপিত নিষেধাজ্ঞা মেনে চলতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাইক্রোসফটের প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ এক বিবৃতিতে জানিয়েছেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মাইক্রোসফট রাশিয়ার অবস্থানের বিরুদ্ধে কাজ করেছে।

স্মিথ বলেন, “আমরা ইউক্রেনকে সাইবার নিরাপত্তা সহায়তা দিচ্ছি। এখন পর্যন্ত ইউক্রেনের ২০টির বেশি সরকারি, প্রযুক্তি ও আর্থিক খাতের প্রতিষ্ঠানে রাশিয়ার করা সাইবার আক্রমণ প্রতিহত করতে কাজ করেছি।”

এদিকে, রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যম রাশিয়া টুডে (আরটি) ও স্পুতনিকের কার্যক্রম সীমিত করার জন্য বেশ কিছু প্রযুক্তি কোম্পানি ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে সর্বশেষ উইন্ডোজ অ্যাপ স্টোর থেকে আরটির মোবাইল অ্যাপসগুলো সরিয়ে দিয়েছে মাইক্রোসফট।  

এর আগে অ্যাপল ও ডেলসহ আরও কয়েকটি শীর্ষ পর্যায়ের প্রযুক্তি কোম্পানিও একই রকম সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার এ তালিকায় যুক্ত হয় আরেক প্রযুক্তি কোম্পানি স্যামসাং।


আরও পড়ুন: এবার রাশিয়ায় স্যামসাংয়ের পণ্য বিক্রি বন্ধ


অন্যদিকে, ফেসবুক, গুগল ও ইউটিউব তাদের প্ল্যাটফর্ম থেকে রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়াগুলোর বিজ্ঞাপন বাবদ আয়ের পথ বন্ধ করে দিয়েছে। সেই সঙ্গে রাশিয়াও ফেসবুক ও টুইটারে প্রবেশাধিকার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।


আরও পড়ুন: রাশিয়ায় পণ্য বিক্রি করবে না অ্যাপল


এর আগে যুক্তরাষ্ট্র-সহ একাধিক দেশ রাশিয়ার বিরুদ্ধে একাধিক কড়া নিষেধাজ্ঞা জারি করেছিল। ইউরোপীয় ইউনিয়ন একত্রে এবং ইউরোপের দেশগুলো আলাদা আলাদা করে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। নিউজিল্যান্ড, কানাডার মতো দেশও নিষেধাজ্ঞা জারি করেছে। আর্থিক নিষেধাজ্ঞার পাশাপাশি বাণিজ্যিক এবং পর্যটনের ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। শুধু তাই নয়, ফিফা, উয়েফার মতো ক্রীড়া সংস্থা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে।

   

About

Popular Links

x