Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সমীক্ষা: দাম্পত্য সম্পর্কে ফাটল ধরাচ্ছে স্মার্টফোন

সমীক্ষায় অংশ নেওয়া ৭০% স্বামী-স্ত্রী বলছেন, স্মার্টফোনে মগ্ন থাকা অবস্থায় কিছু জিজ্ঞাসা করলে তারা বিরক্ত হন

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, ০১:১৪ পিএম

বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম অনুষঙ্গ। তবে, এই স্মার্টফোনের অতিমাত্রার ব্যবহার যে ক্ষতিকর সে বিষয়ে বিশেসজ্ঞরা বরাবরই সর্তক করে আসছেন। শিশুবিশেষজ্ঞরা শিশু-কিশোরদের স্মার্টফোন থেকে দূরের রাখার পরামর্শ দেন। তবে, এবার ভারতে চালানো এক সমীক্ষায় দেখা গেছে, শুধু শিশু-কিশোরদের নয় বড়দের ক্ষেত্রে ও  নেতিবাচক ভূমিকা রাখছে স্মার্টফোন।

মোবাইল ফোন কোম্পানি ভিভোর চালানো ওই সমীক্ষায় অংশগ্রহণকারী অধিকাংশ দম্পতি মনে করেন, স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার তাদের সম্পর্কের ক্ষতি করেছে।

সমীক্ষায় দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, হায়দরাবাদ, বেঙ্গালুরু, আহমেদাবাদ এবং পুনের মতো বড় শহরে হাজারের বেশি দম্পতিকে প্রশ্ন করা হয়।

দ্য ইকোনোমিকস টাইমসের প্তিবেদনে বলা হয়, স্বামী-স্ত্রীর সম্পর্কের ওপর স্মার্টফোনের প্রভাব নিয়ে চালানো সমীক্ষায় অংশ নেওয়া অনেকে বলছেন, স্মার্টফোনে সময় কাটানো তাদের কাছে সবচেয়ে স্বাচ্ছন্দ্যের। সমীক্ষায় অংশ নেওয়া ৮০% এর বেশি মানুষ মনে করেন, স্মার্টফোন তাদের জীবনের সঙ্গে  একীভূত হয়ে গেছে, এটি থেকে তাদের আলাদা করা যাবে না।

সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, স্বামী কিংবা স্ত্রী প্রতিদিন প্রায় পাঁচ ঘণ্টার মতো সময় ব্যয় করেন স্মার্টফোনে। অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারে স্বামী-স্ত্রীর সম্পর্কে প্রভাব পড়বে। অন্তত ৭০% স্বামী কিংবা স্ত্রী বলছেন, স্মার্টফোনে মগ্ন থাকা অবস্থায় কিছু জিজ্ঞাসা করলে তারা বিরক্ত হন।

চীনের মোবাইল নির্মাতাপ্রতিষ্ঠান ভিভোর তত্ত্বাবধানে সমীক্ষাটি চালিয়েছে ভারতের সাইবার মিডিয়া রিসার্চ প্রতিষ্ঠান “সুইচ অফ”।

সমীক্ষায় দেখা গেছে, ভারতের বিবাহিত দম্পতিদের মধ্যে ৬৭% বলেছে, তারা তাদের স্ত্রী বা স্বামীর সঙ্গে সময় কাটানোর সময়ও স্মার্টফোনে আবদ্ধ থাকে। ৬৬% উত্তরদাতা বলেছেন, স্মার্টফোনের কারণে তাদের দাম্পত্য সম্পর্ক দুর্বল হয়ে পড়েছে।

স্মার্টফোন ব্যবহারকারী ৭০% দম্পতি বলেছেন, স্মার্টফোনের বেশি ব্যবহার তাদের প্রিয়জনের সঙ্গে কাটানো সময়ের পরিমাণ কমিয়ে দিচ্ছে। ৬৯% বলেছে, স্মার্টফোন ব্যবহারের কারণে দাম্পত্য সম্পর্ক ব্যাহত হচ্ছে।

৮৪% উত্তরদাতা তাদের স্বামী বা স্ত্রীর সঙ্গে আরও বেশি সময় কাটাতে চান। মানুষ স্মার্টফোনের নানা প্রভাব সম্পর্কে সচেতন হতে চান। মানুষ সমস্যাগুলো সম্পর্কে ওয়াকিবহাল এবং পরিবর্তনও চান। উত্তরদাতাদের ৮৮% একমত যে স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার জীবনসঙ্গীর সঙ্গে তাদের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করছে। ৯০% মানুষ তাদের জীবনসঙ্গীর সঙ্গে অর্থপূর্ণ কথোপকথন এবং আরও অবসর সময় সঙ্গীকে দিতে চান।

তবে সমীক্ষায় অংশ নেওয়া একটি অংশ বলছে, তারা ফোনে বিভ্রান্ত না হয়ে পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন তারা।

   

About

Popular Links

x