ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের অভিষেকে জেরুজালেমে বিশেষ প্রক্রিয়ায় তৈরি পবিত্র “ক্রিসম তেল” ব্যবহার করা হবে।
মুসলমান ও খ্রিস্টানদের পবিত্র স্থান হিসেবে পরিচিত জেরুজালেমকে পবিত্র করে তোলা হয়েছিল এই তেলে।
সোমবার (৬ মার্চ) এক ঘোষণায় বিষয়টি জানিয়েছে বাকিংহাম প্যালেস।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
খ্রিস্টধর্মের তাৎপর্যপূর্ণ মাউন্ট অলিভস পর্বতের দুটি পৃথক বাগান থেকে জলপাই সংগ্রহ করা হয়। ওই বাগানের জলপাই থেকেই প্রস্তুত হয় “ক্রিসম তেল”।
জেরুজালেম শহরের পূর্ব দিকে ওই পর্বত অবস্থিত।
১০৬৬ সাল থেকে ব্রিটিশ রাজপরিবারের রাজা রানিদের রাজ্যাভিষেকের আচার-অনুষ্ঠানের দায়িত্ব পালন করে আসছেন ক্যান্টারবেরি চার্চের ধর্মযাজকেরা। বর্তমানে চার্চটির ধর্মযাজক জাস্টিন ওয়েলবি।
ওয়েলবি এক বিবৃতিতে জানান, তেলটি প্রস্তুত করতে জলপাই সংগ্রহ করে সেগুলোকে বেথেলহেমের ঠিক বাইরে যীশুখ্রিস্টের জন্মস্থানে পুঁতে রাখা হয়। এরপরে জেরুজালেমের হলি সেপালচার চার্চে নিয়ম মেনে পবিত্র করা হয় তেলটি। ধারণা করা হয়, সেপালচার চার্চটি যেখানে অবস্থিত, সেই স্থানে যিশুকে ক্রুশ বিদ্ধ করা হয়েছিল।
ওয়েলবি আরও বলেন, “রাজ্যাভিষেক, বাইবেল এবং পবিত্র ভূমির মধ্যে সংযোগ স্থাপন করে এই তেল। প্রাচীনকাল থেকেই পবিত্র ভূমি থেকে প্রস্তুতকৃত ক্রিসম তেল দিয়ে রাজার অভিষেক হয়ে আসছে। আশা করি, রাজা ও রানির আত্মা পবিত্র এবং শক্তিশালী হবে।”
তবে প্রাচীন কাল থেকে ব্যবহৃত পবিত্র এই তেলের উপাদানে কিছুটা পরিবর্তন এনেছেন চার্লস।



