ইরানের দক্ষিণাঞ্চলে এক তরুণ তার ১২ জন আত্মীয়কে গুলি করে হত্যা করেছে। দেশটিতে এটি একটি বিরল ঘটনা।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
ইরানের কেরমান প্রদেশের প্রধান বিচারপতি ইব্রাহিম হামিদির বরাত দিয়ে আইআরএনএ জানিয়েছে, ৩০ বছর বয়সী এক তরুণ পারিবারিক বিরোধের জেরে প্রদেশটির ফারিয়াব শহরের কাছে একটি বাড়িতে পিতা ও ভাইসহ পরিবারের ১২ সদস্যকে গুলি করে হত্যা করে। সে এ হত্যাকাণ্ডে “কালাশনিকভ” বন্দুক ব্যবহার করে।
আইআরএনএ আরও জানিয়েছে, ঘটনার পরপর ওই তরুণকে গ্রেপ্তারের চেষ্টা করে স্থানীয় পুলিশ। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়।
ইরানে এ ধরনের ভয়াবহ বন্দুক হামলার ঘটনা একেবারেই বিরল। দেশটির জনগণ শুধুমাত্র শিকারের কাজে বন্দুক ব্যবহার করে থাকে।
জানুয়ারিতে একই প্রদেশে একটি সামরিক ঘাঁটির ভেতরে সেনাবাহিনীর এক কর্মী গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার আগে কমপক্ষে পাঁচজন সৈন্যকে হত্যা করেছিল। গুলি করে পালিয়ে চাওয়া ওই তরুণকে সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হয়েছিল।



