Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

কুয়েতে নিহতদের পরিচয় নিয়ে যা বললেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা

কুয়েতে যেকোনও কোম্পানিতে বাংলাদেশিরা কাজ করলে দূতাবাসের ছাড়পত্র লাগে

আপডেট : ১২ জুন ২০২৪, ০৬:৫০ পিএম

কুয়েতের দক্ষিণাঞ্চলে শ্রমিকদের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন। তবে এ ঘটনায় ভুক্তভোগীদের মধ্যে এখন পর্যন্ত কোনও বাংলাদেশি শ্রমিকের নাম পাওয়া যায়নি বলে জানিয়েছেন কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর এবং হেড অব চ্যানসেরি মো. মনিরুজ্জামান।

তিনি বলেন, ‘‘আমাদের কাছে এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনও বাংলাদেশি হতাহতের খবর নেই। যে ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে মূলত ভারতীয় শ্রমিকরা থাকেন বলে জানা গেছে।’’

তিনি বলেন, ‘‘আমাদের কর্মকর্তারা সেখানে রয়েছেন এবং বিষয়টি তদারকি করছেন। কোনও কিছু জানা গেলে, আমরা আপনাদের জানাবো।’’

ঘটনাস্থল বা হাসপাতালগুলোতে কোনও বাংলাদেশি হতাহতের সংবাদ নেই বলে জানিয়েছেন কুয়েতে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (শ্রম ও কল্যাণ) মো. আবুল হোসেন।

তিনি বলেন, ‘‘এটি একটি কন্সট্রাকশন কোম্পানি। কুয়েতে যেকোনও কোম্পানিতে বাংলাদেশিরা কাজ করলে সেজন্য দূতাবাসের ছাড়পত্র লাগে। আমাদের কাছে তথ্য আছে- এই কোম্পানিতে কোনও বাংলাদেশি কাজ করেন না। কাউকে এমন কোনও ছাড়পত্রও দেওয়া হয়নি।’’

তিনি বলেন, ‘‘এরপরেও বিভিন্ন হাসপাতালে যেসব আহত ব্যক্তিকে নেওয়া হয়েছে, সেখানে বাংলাদেশি নার্সদের কাছে আমরা জানতে চেয়েছি। তারা আমাদের জানান যে, আহতদের মধ্যে কোনও বাংলাদেশি নেই। তবে আমরা সজাগ আছি এবং খোঁজখবর করার চেষ্টা করছি।’’

   

About

Popular Links

x