Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

জাতিসংঘ: শান্তিরক্ষীদের ঘাঁটির প্রধান ফটক ভেঙে ঢুকেছে ইসরায়েলি ট্যাংক

এর আগে, লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর হামলা করে ইসরায়েল

আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ১০:৫৮ পিএম

ইসরায়েলের আন্তর্জাতিক নীতিমালা লঙ্ঘনের আরেক খবর সামনে এসেছে। লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর (ইউএনআইএফআইএল) প্রধান ফটক গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি ট্যাংক।

রবিবার (১৩ অক্টোবর) এমন অভিযোগ করেছে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী। এক প্রতিবেদনে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম রয়টার্স এই খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইউএনআইএফআইএল-এর অফিশিয়াল পেইজ থেকে জানানো হয়, লেবাননে তাদের অবস্থানের ওপর ইসরায়েলি হানার বিষয়টি রিপোর্ট করা হয়েছে। রবিবার সংস্থাটির প্রধান ফটক দিয়ে ইসরায়েলি ট্যাংক জোরপূর্বক প্রবেশ করেছে। এই ঘটনাকে তারা জাতিসংঘের স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনায় হস্তক্ষেপ বলে অভিহিত করেছে।

এ বিষয়ে এক্সে করা পোস্টে সংস্থাটি জানায়, ইউএনআইএফআইএল-এর আদেশপত্রে সংস্থার কার্যক্রম পরিচালনায় চলাফেরার স্বাধীনতা প্রদান করা হয়েছে এবং এতে যেকোনো প্রতিবদ্ধকতা রেজোল্যুশন ১৭০১ এর লঙ্ঘন। ইউএনআইএফআইএল জানিয়েছে, দক্ষিণ লেবাননে বিভিন্ন দেশের প্রায় ১০ হাজার শান্তিরক্ষী সদস্য কাজ করছেন।

ওই পোস্টে আরও বলা হয়, আমরা এই ধরনের ঘটনার জন্য আইডিএফ-এর কাছে ব্যাখ্যা চেয়েছি।

এর আগে, লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর হামলা করে ইসরায়েল। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ চলাকালীন শান্তিরক্ষীদের ওপর হামলা করে সেনারা। এতে দুই শান্তিরক্ষী আহত হন। এ ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে নিন্দার ঝড় ওঠে।

এদিকে, রবিবার (১৩ অক্টোবর) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, জাতিসংঘকে অবশ্যই লেবাননের দক্ষিণাঞ্চল থেকে শান্তিরক্ষীদের প্রত্যাহার করতে হবে।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের উদ্দেশে হিব্রু ভাষায় দেওয়া এক বক্তব্যে নেতানিয়াহু বলেছেন, হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি ও সংঘাতময় এলাকা থেকে জাতিসংঘের শান্তিরক্ষীদের প্রত্যাহারে সময় হয়েছে।

নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলের সেনাবাহিনী বারবার এটি বলে আসছে। কিন্তু একাধিকবার প্রত্যাখ্যান করা হয়েছে। হিজবুল্লাহ সন্ত্রাসীরা যাতে করে শান্তিরক্ষীদের মানবঢাল হিসেবে ব্যবহার করতে পারে সেজন্য এমনটি করা হচ্ছে।

 

 

   

About

Popular Links

x