৫০তম বিসিএসের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ১৩ সেপ্টেম্বর থেকে এ ধাপের মৌখিক পরীক্ষা শুরু হবে। ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে।
তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষায় মোট ২,৫৩৫ জন প্রার্থী অংশ নেবেন। এর মধ্যে সাধারণ ক্যাডারে সাময়িকভাবে উত্তীর্ণ অবশিষ্ট ৪৩৫ জন, সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারে ১,৫১৫ জন এবং শুধু কারিগরি/পেশাগত ক্যাডারে ৫৮৫ জন রয়েছেন।
মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার আগে প্রার্থীদের পিএসসির নির্ধারিত নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখতে হবে।
মৌখিক পরীক্ষায় যা লাগবে
- প্রার্থীদের সাক্ষাৎকারপত্র ও ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে রাখতে হবে। একই সঙ্গে পিএসসি নির্ধারিত ফরমের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রের দুই সেট সত্যায়িত কপি জমা দিতে হবে। সব মূল সনদও সঙ্গে নিয়ে যেতে হবে। মূল সনদ প্রদর্শন না করলে মৌখিক পরীক্ষা নেওয়া হবে না।
- প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে তিন কপি পাসপোর্ট আকারের ছবি, শিক্ষাগত যোগ্যতার মূল বা সাময়িক সনদের সত্যায়িত ফটোকপি এবং বয়স প্রমাণের জন্য এসএসসি বা সমমানের পরীক্ষার মূল বা সাময়িক সনদের সত্যায়িত কপি।
- চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রিধারীদের বিভাগীয় প্রধান, পরীক্ষা নিয়ন্ত্রক বা রেজিস্ট্রারের দেওয়া প্রত্যয়নপত্রের সত্যায়িত কপিও জমা দিতে হবে। বিদেশি ডিগ্রিধারীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া সমমান সনদ প্রয়োজন হবে।
- মেডিকেল ও ডেন্টাল ডিগ্রিধারীদের বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল এবং পশুচিকিৎসা ডিগ্রিধারীদের বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের নিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে।
- যেসব প্রার্থী অবতীর্ণ হিসেবে আবেদন করেছেন, তাদের স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ের সব লিখিত পরীক্ষা ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে শেষ হয়েছে - এ মর্মে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র জমা দিতে হবে।
- নির্ধারিত নিয়ম অনুযায়ী উচ্চতা, ওজন ও বুকের মাপসংক্রান্ত চিকিৎসকের প্রত্যয়নপত্রও প্রয়োজন হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা স্থানীয় সরকার প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষের দেওয়া ছাড়পত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে।
- ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ এবং মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। জাতীয় পরিচয়পত্র, অনলাইনে পূরণ করা ও স্বাক্ষরিত আবেদন ফরমের দুই কপি এবং স্থায়ী ঠিকানার প্রমাণপত্রও প্রয়োজন হবে।
- প্রার্থীদের প্রাক্-চাকরি বৃত্তান্ত যাচাইয়ের জন্য পুলিশ ভেরিফিকেশন ফরমের তিন কপিও পূরণ করে জমা দিতে হবে।
পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা
পিএসসি জানিয়েছে, মৌখিক পরীক্ষায় অংশ নিতে আসা প্রার্থীদের কোনো ধরনের ভ্রমণভাতা বা অন্য কোনো ভাতা দেওয়া হবে না।
মৌখিক পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন বা কোনো ধরনের যোগাযোগযন্ত্র নিয়ে প্রবেশ ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবেও উল্লেখ করেছে কমিশন। এছাড়া প্রয়োজনীয় প্রমাণপত্রসহ গ্রহণযোগ্য কারণ ছাড়া মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন করা হবে না।
মৌখিক পরীক্ষা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের আগারগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত হবে।



